• facebook
  • twitter
  • youtube
Thursday, 6 August, 2026

গাজোলে উদ্ধার ৪১ লক্ষ টাকা ও ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার, ধৃত ২

একদিনের ব্যবধানে মালদা ও দুর্গাপুর দুটি পৃথক জেলা থেকে মোট প্রায় ৮৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গাজোলে উদ্ধার ৪১ লক্ষ টাকা ও ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার, ধৃত ২

Photo: Statesman

মালদার গাজোলে নাকা তল্লাশির সময় বিপুল পরিমাণ নগদ টাকা ও ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া নগদের পরিমাণ ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা। যার বাজার মূল্য প্রায় ৪১ লক্ষ টাকা। পাশাপাশি ধৃতদের কাছ থেকে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গাজোল ব্লকের রাঙাভিটা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে নিয়মিত নাকা তল্লাশি চলছিল। সেই সময় একটি মোটরবাইকে দুই যুবক গাজোল থেকে মালদহ শহরের দিকে যাচ্ছিলেন। পুলিশের কাছে বাইকটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপরেই পুলিশ বাইকটি থামিয়ে তল্লাশি শুরু করে।

Malda Incident
Photo: Statesman

তল্লাশির সময় দুই যুবকের কাছে থাকা ব্যাগ থেকে থরে থরে সাজানো নোটের বান্ডিল উদ্ধার হয়। হিসেব করে দেখা যায়, মোট ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা রয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয় ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার। ওই দুই যুবক বিপুল পরিমাণ নগদের কোনও বৈধ নথি বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ নগদ অর্থ বাজেয়াপ্ত করে। এর পাশাপাশি মাদকও বাজেয়াপ্ত করা হয়েছে।

Malda Incident
Photo: Statesman

পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম সিদ্ধার্থ মণ্ডল ও কিশোর মণ্ডল। দু’জনেরই বাড়ি মালদার কালিয়াচক এলাকায়। তাঁদের কাছ থেকে পুলিশ দুটি মোটরবাইকও আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডালখোলা থেকে মালদার উদ্দেশে নগদ টাকা ও মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। পুরো ঘটনার উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, পুলিশ তাও খতিয়ে দেখছে।

Malda Incident
Photo: Statesman

আরও পড়ুন: হাওড়ায় নতুন ওয়ার্ডের খসড়া, ১২ অগস্ট পর্যন্ত অভিযোগ জানানোর সুযোগ

এদিকে, এই ঘটনার মাত্র ২৪ ঘণ্টা আগেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার করেছিল ফরিদপুর থানার পুলিশ। ফলে একদিনের ব্যবধানে মালদা ও দুর্গাপুর দুটি পৃথক জেলা থেকে মোট প্রায় ৮৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।