• facebook
  • twitter
  • youtube
Thursday, 6 August, 2026

হর্ষিতের ওজন প্রায় একশো কেজি! কমছে দৌড়ে রান নেওয়ার প্রবণতা! ‘টিম ইন্ডিয়া’র ফিটনেস নিয়ে কড়া হচ্ছে বোর্ড

ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, হর্ষিত রাণাকে (Harshit Rana) সিওই (CoE)- -এর পক্ষ থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁর ওজন কোনও অবস্থাতেই ৯৬ কেজির বেশি হওয়া চলবে না

হর্ষিতের ওজন প্রায় একশো কেজি! কমছে দৌড়ে রান নেওয়ার প্রবণতা! ‘টিম ইন্ডিয়া’র ফিটনেস নিয়ে কড়া হচ্ছে বোর্ড

Photo: Representational Image

ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটারের মাঠের মধ্যে গতিশীলতা নিয়ে নাকি প্রশ্ন উঠেছে। সিনিয়র ব্যাটাররা দীর্ঘক্ষণ ব্যাট করার পর উইকেটের মধ্যে দৌড়তে সমস্যায় পড়ছেন। পাশাপাশি দলের ধীরগতির ফিল্ডারের সংখ্যাও বেড়েছে।

ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, হর্ষিত রাণাকে (Harshit Rana) সিওই (CoE)- -এর পক্ষ থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁর ওজন কোনও অবস্থাতেই ৯৬ কেজির বেশি হওয়া চলবে না। বর্তমানে তাঁর ওজন ৯৪ কেজি এবং আগামী সপ্তাহে তাঁকে ফিট ঘোষণা করা হতে পারে। কিন্তু আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে নির্বাচিত হওয়ার সময় তাঁর ওজন ছিল ৯৭ কেজি!

ভারতীয় ক্রিকেটে চোটের মিছিল থামছেই না। ইংল্যান্ড সফরে একের পর এক ক্রিকেটারের চোট, তারপর যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) শ্রীলঙ্কা সফর থেকেও ছিটকে যাওয়া— সব মিলিয়ে এবার ফিটনেস ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্স (CoE)-এ ক্রিকেটারদের ফিটনেস মূল্যায়নের পুরো পদ্ধতিই নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এতদিন অনেক ক্রিকেটারের জন্য আলাদা আলাদা মানদণ্ডে ফিটনেস পরীক্ষা নেওয়া হত। কিন্তু এবার থেকে সবার জন্য একই ভিত্তিমূলক মানদণ্ড (স্ট্যান্ডার্ড বেস প্যারামিটার) চালু করতে চায় বোর্ড।

আরও পড়ুন: ‘সিনিয়রদের সম্মান করতে হবে’, গম্ভীরকে পরোক্ষে বার্তা রাহানের? টেস্টে ভারতের অবনতি নিয়ে সরব প্রাক্তন অধিনায়ক

ভারতীয় বোর্ড সূত্রের (BCCI) বক্তব্য, ভারতীয় সিনিয়র দলের ফিজিও কমলেশ জৈনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোন ক্রিকেটার কত বড় তারকা, তা নিয়ে যেন তিনি চিন্তা না করেন। কোথাও কোনো অসঙ্গতি বা সমস্যা দেখলে তা যেন নির্দ্বিধায় রিপোর্ট করেন।

বোর্ড সূত্রের দাবি, নতুন নিয়মে ব্রঙ্কো টেস্টকে প্রধান ফিটনেস পরীক্ষার ভিত্তি করা হবে। পাশাপাশি ২ কিলোমিটার দৌড়েরও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। প্রস্তাব অনুযায়ী, ব্রঙ্কো টেস্টে ৫ মিনিট ১৫ সেকেন্ড থেকে ৫ মিনিট ২০ সেকেন্ডের মধ্যে নির্ধারিত ড্রিল শেষ করতে হবে। অন্যদিকে, দু’কিলোমিটার দৌড় শেষ করার লক্ষ্য থাকবে ৯ থেকে ১০ মিনিটের মধ্যে।

ইংল্যান্ড সফরের পর বোর্ডের অন্দরে ফিটনেস নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলেও এক সর্বভারতীয় সংবাদপত্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিসিসিআইয়ের (BCCI) ধারণা, বিভিন্ন ক্রিকেটারের জন্য আলাদা মানদণ্ড থাকায় সামগ্রিক ফিটনেসের মান নেমে গিয়েছে এবং চোটের ঝুঁকিও বেড়েছে। সেই কারণেই এবার সবার জন্য এক নীতি গ্রহণের সিদ্ধান্ত।

আরও পড়ুন:চাকরি পেলেন ইশান কিষান! রিজার্ভ ব্যাঙ্কে সহকারী ম্যানেজার তিনি, কত বেতন পান তিনি?

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় দলের ফিজিয়ো কমলেশ জৈনকেও এই বিষয়ে জবাবদিহি করতে হয়েছে। বোর্ডের  (BCCI) বার্তা স্পষ্ট— কোনও ক্রিকেটার সিনিয়র না জুনিয়র, সেই ভিত্তিতে ফিটনেস পরীক্ষায় ছাড় দেওয়া হবে না। সকলের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে।

বোর্ডের অন্দরমহলের দাবি, গত এক বছরে কিছু সিনিয়র ক্রিকেটারের জন্য তুলনামূলক সহজ লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এমনকি দল পরিচালনার প্রয়োজন মেটাতে কিছু ক্রিকেটারকে সম্পূর্ণ ফিট না হওয়া সত্ত্বেও ছাড়পত্র দেওয়ার অভিযোগও উঠেছে। নতুন ব্যবস্থায় সেই বিতর্কে ইতি টানতে চাইছে বিসিসিআই।

ইতিমধ্যেই বুমরা (Jasprit Bumrah) হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ঘন ঘন পায়ে ক্র্যাম্প ধরে যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। বুমরার (Jasprit Bumrah) অনুপস্থিতি এবং দলের ক্রিকেটারদের সাম্প্রতিক চোট-সমস্যার জেরেই ভারতীয় ক্রিকেটে ফিটনেস ম্যানেজমেন্ট পদ্ধতিকে আরও কঠোর ও স্বচ্ছ করার পথে হাঁটছে বোর্ড।

বিসিসিআইয়ের (BCCI) মেডিক্যাল টিম নাকি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, কোনও ক্রিকেটারকে ফিট ঘোষণা করতে হলে ব্রঙ্কো টেস্টের বিভিন্ন ড্রিল ৫ মিনিট ১৫ সেকেন্ড থেকে ৫ মিনিট ২০ সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি ২ কিলোমিটার দৌড়ও ৯ থেকে ১০ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে।

আরও পড়ুন: রাগে বলে লাথি, তাতেই ম্যাচ টাই! ভারতীয় অধিনায়কের অবিশ্বাস্য ভুলে অবাক ক্রিকেটবিশ্ব

বিসিসিআইয়ের (BCCI) এক সূত্র এক সর্বভারতীয় সংবাদপত্রকে জানিয়েছে, ভারতীয় ক্রিকেটাররা এখনও ব্রঙ্কো টেস্টে অভ্যস্ত নন। গত এক বছরে সেন্টার অব এক্সেলেন্স (CoE) বিভিন্ন ক্রিকেটারের জন্য আলাদা আলাদা ফিটনেসের মানদণ্ড নির্ধারণ করেছিল।

কিন্তু এখন জানা গিয়েছে, কয়েক জন সিনিয়র ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তুলনামূলক সহজ লক্ষ্য দেওয়া হয়েছিল। টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ক্রিকেটার সরবরাহ নিশ্চিত করতে হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডির মতো ক্রিকেটারদেরও সিওই-র কর্মীরা ফিট সার্টিফিকেট দিয়েছিলেন।

সূত্রটি আরও জানিয়েছে, কিছু ক্রিকেটারের সামগ্রিক ফিটনেসের মান কমে যাওয়া নিয়ে ভারতীয় দলের ফিজিও কমলেশ জৈনকে টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই— উভয় পক্ষই প্রশ্নের মুখে ফেলেছিল। ইংল্যান্ড সফরে বারবার ক্রিকেটারদের পেশিতে টান (ক্র্যাম্প) ধরার ঘটনাতেও অসন্তোষ প্রকাশ করে টিম ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির পর হর্ষিত রানাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁর অতিরিক্ত ওজনের জন্যই। সূত্রের দাবি, ‘ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল, হর্ষিতের  (Harshit Rana)  ওজন নির্ধারিত সীমার তুলনায় চার কেজি বেশি ছিল।

এ ক্ষেত্রে সেন্টার অব এক্সেলেন্সের  (CoE) আরও সতর্ক হওয়া উচিত ছিল’। এখন সিওই (CoE)-এর পক্ষ থেকে তাঁকে (Harshit Rana) জানিয়ে দেওয়া হয়েছে, তাঁর ওজন কোনো অবস্থাতেই ৯৬ কেজির বেশি হওয়া চলবে না। এই মানদণ্ড পূর্ণ করতে পারলে তবেই তাঁর দলে জায়গা হবে বলে জানানো হয়েছে।

আরও দেখুন: শাকিবের বাড়িতে হামলার অভিযোগ