আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েক দিনের মধ্যেই ভারতীয় ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অজিঙ্ক রাহানে। ভারতের সাম্প্রতিক টেস্ট ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দলের প্রবীণ ক্রিকেটারদের যথাযথ সম্মান দেওয়া অত্যন্ত জরুরি।
রাহানের এই মন্তব্যকে অনেকেই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের উদ্দেশে পরোক্ষ বার্তা হিসেবে দেখছেন।
এক সাক্ষাৎকারে রাহানে বলেন, ‘বেশ কিছু দিন ধরে দেখছি, ভারত ঘরের মাঠেও টেস্ট হারছে। এটা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো লক্ষণ নয়। টেস্ট ক্রিকেটে আমাদের চরিত্র, লড়াইয়ের মানসিকতা এবং ধারাবাহিকতা ফিরিয়ে আনতে হবে’। তিনি মনে করিয়ে দেন, এক সময় বিদেশের মাটিতেও ভারত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাত। সেই মানসিকতা ফের গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রাহানের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল সিনিয়র ক্রিকেটারদের প্রসঙ্গ। তাঁর কথায়, ‘প্রবীণ ক্রিকেটারদের সম্মান করতে হবে। তাঁরা দীর্ঘদিন দেশের জন্য খেলেছেন। তাদের অভিজ্ঞতা দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে’। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবু ক্রিকেটমহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে রোহিত শর্মা-সহ একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, টেস্ট ক্রিকেটে সাফল্য পেতে হলে শুধু প্রতিভা নয়, সঠিক মানসিকতা এবং দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধও সমান গুরুত্বপূর্ণ। তরুণদের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের মূল্যায়ন করাও প্রয়োজন বলে তাঁর মত।
রাহানে একই সঙ্গে স্মরণ করেছেন বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর সময়কে। তাঁর মতে, সেই সময়ে ভারতীয় দল আরও আগ্রাসী, আত্মবিশ্বাসী এবং লড়াকু হয়ে উঠেছিল। সেই মানসিকতাই আবার ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন তিনি।
রাহানের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন গৌতম গম্ভীরের কোচিং, দলের নির্বাচন এবং সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের অন্দরে একের পর এক বিতর্ক সামনে আসছে। ফলে তাঁর বক্তব্যে ভারতীয় ক্রিকেটে এক নতুন চর্চার বিষয় তৈরি হলো।




