মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে কলকাতায় গা ঢাকা দিয়েছিলেন এক থাই তরুণী। পাশাপাশি দক্ষিণ কলকাতায় একটি স্পা সেন্টারের আড়ালে নিজের অবৈধ ব্যবসাও চালাতেন। সেই অভিযোগ পেয়ে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের বনেদি এলাকার একটি স্পা সেন্টারে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে তিলজলা থানার পুলিশ। জানা গিয়েছে, ২০২৫ সালে ওই তরুণীর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ওই স্পা সেন্টারে কাজ করছিলেন। আজ তাঁকে আদালতে পেশ করা হবে।
শহর কলকাতায় থাই স্পা সেন্টারের রমরমা বেড়েছে গত বেশ কয়েকবছর ধরেই। এসব স্পা-এর আড়ালে অবৈধ কাজকর্মের অভিযোগও উঠেছে। সেখান থেকে একাধিকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এবারে পুলিশের জালে উঠে এল বেআইনি ভাবে বসবাসরত এক থাই তরুণী।
সূত্রের খবর, ১৫ সি শরৎ বোস রোডে ‘সবাই নমস্তে স্পা’ নামে একটি স্পা সেন্টার রয়েছে। রবিবার সেখানে হানা দেয় কলকাতা পুলিশের দল। ব্যাংককের বাসিন্দা এম সাংসুকনিউত নামে এক মহিলার খোঁজ পাওয়া যায় সেখানে। তিনি ভারতে থাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে টুরিস্ট ভিসা নিয়ে এদেশে এসেছিলেন। একবছর পর অর্থাৎ ২০২১-এই তা শেষ হয়ে যায়। পাসপোর্ট দেখে পুলিশ জানতে পারে, তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু তারপরও তিনি কলকাতার চৌবাগা এলাকায় থেকে যান এবং শরৎ বোস রোডের স্পা সেন্টারে কাজ চালিয়ে যান।
বৈধ নথি ছাড়া এভাবে কলকাতায় থাকা এবং কাজ করার জন্য পুলিশ থাইল্যান্ডের ওই মহিলাকে গ্রেপ্তার করে। আদালতে পেশের আগে পর্যন্ত তাঁকে টালিগঞ্জ মহিলা থানায় নিরাপদে রাখা হয়েছে। তাঁর সমস্ত গতিবিধির উপর নজর রাখা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়। ধৃত সাংসুকনিউতের সূত্র ধরে এই কাজে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।




