• facebook
  • twitter
  • youtube
Saturday, 1 August, 2026

বরাহনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল দুই স্কুলপড়ুয়ার, হাসপাতালে আশঙ্কাজনক বাবা

শনিবার সকালে অভিষেক সাউ তাঁর দুই ছেলে আরাধ্য সাউ এবং আরভ সাউকে নিয়ে স্কুটারে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন

বরাহনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ গেল দুই স্কুলপড়ুয়ার, হাসপাতালে আশঙ্কাজনক বাবা

Road Accident Photo-ANI

সাতসকালেই ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্কুলে যাওয়ার পথেই প্রাণ হারাতে হল দুই শিশু স্কুলপড়ুয়াকে। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে। আর বরাহনগরের টবিন রোডে অনন্যা সিনেমা হলের সামনে এই মর্মান্তিক পথদুঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল খালসা মডেল স্কুলের দুই খুদে পড়ুয়ার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তাদের বাবা এখন চিকিৎসাধীন। রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর। বরাহনগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে ঘটে যাওয়া এই পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাদের বাবা অভিষেক সাউ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিন সকালে বাবার সঙ্গে স্কুটিতে করে খালসা মডেল স্কুলে যাচ্ছিল দুই খুদে পড়ুয়া। একজনের বয়স পাঁচ বছর এবং অপরজনের বয়স সাত বছর। স্কুলে যাওয়ার সময় রাস্তার ধারে স্টোনচিপস পড়ে ছিল। আর স্টোনচিপসের স্তূপকে সরিয়ে একটি ট্রাককে পিছনে ফেলে এগোতে গেলে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। আর তখনই ট্রাকের ধাক্কায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। পথ দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই খুদে পড়ুয়ার। আশঙ্কাজনক অবস্থায় বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন সেখানে জড়ো হয়ে ঘটনা জানতে কৌতূহল দেখান।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে অভিষেক সাউ তাঁর দুই ছেলে আরাধ্য সাউ এবং আরভ সাউকে নিয়ে স্কুটারে করে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ। ওই স্টোনচিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে স্কুটারটি নিয়ন্ত্রণ হারায় এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ট্রাককে এড়িয়ে এগিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলেন অভিষেক সাউ। কিন্তু মুখোমুখি সংঘর্ষের জেরে দুই খুদে পড়ুয়া স্কুটার থেকে ছিটকে পড়ে যায়।

তাছাড়া পুলিশ সূত্রে খবর, এই পথ দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই দুই খুদে পড়ুয়ার মৃত্যু হয়। দুই খুদে পড়ুয়ার মাথায় হেলমেট ছিল না। তবে তারা রেইনকোট পরা অবস্থায় ছিল। পথ দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান এবং খবর দেন বরাহনগর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই খুদে পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আশঙ্কাজনক অভিষেক সাউকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখাই এই দুর্ঘটনার অন্যতম কারণ কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।