ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই সরকারি রেশন বন্ধ করা যাবে না। এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে ভিত্তি করে রেশন সুবিধা বন্ধের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম না থাকলেই কোনও নাগরিক খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকার হারান না।
আদালতের নির্দেশ, যাঁদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে রেশন পরিষেবা বন্ধ করা হয়েছে, তাঁদের রেশন অবিলম্বে চালু করতে হবে। পাশাপাশি, মামলার পরবর্তী শুনানিতে এ বিষয়ে রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে।
শুনানিতে বিচারপতি ভট্টাচার্য পর্যবেক্ষণ করেন, ভোটাধিকার ও খাদ্য নিরাপত্তার অধিকার এক বিষয় নয়। ভোটার তালিকা এবং গণবণ্টন ব্যবস্থা (পিডিএস) সম্পূর্ণ আলাদা প্রশাসনিক কাঠামোর অধীনে পরিচালিত হয়। ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে রেশন বন্ধের কারণ হিসেবে দেখানো আইনসঙ্গত কি না, তা গভীরভাবে বিবেচনার প্রয়োজন রয়েছে।
মামলাকারীর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার পর রেশন ডিলারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, তাঁর রেশন সুবিধাও বন্ধ হয়ে যাবে। সেই আশঙ্কার ভিত্তিতেই তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।
আইনজীবী মহলের মতে, এই অন্তর্বর্তী নির্দেশ এসআইআর-জনিত কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বহু মানুষের জন্য বড় স্বস্তির বার্তা। আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছে, ভোটার তালিকায় নাম থাকুক বা না থাকুক, কোনও নাগরিকের খাদ্য নিরাপত্তার অধিকার খর্ব করা যায় না।




