বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহী নির্মল পুর্জা কি আদৌ বেঁচে আছেন? এই প্রশ্ন ঘিরে গভীর উদ্বেগ। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রডপিকে ভয়াবহ তুষারধসের পর অন্তত ১০ জন পর্বতারোহী নিখোঁজ। তাঁদের মধ্যেই রয়েছেন নেপালের কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুর্জা। নিখোঁজদের খোঁজে জোর কদমে উদ্ধার অভিযান শুরু হয়েছে, যদিও প্রতিকূল আবহাওয়া এই উদ্ধার অভিযানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে অবস্থিত ৮,০৫১ মিটার উচ্চতার ব্রড পিক বিশ্বের দ্বাদশ উচ্চতম পর্বত। বৃহস্পতিবার দলটি ক্যাম্প ২ থেকে ক্যাম্প ৩-এ যাওয়ার পথে প্রায় ৬,৬০০ মিটার উচ্চতায় তুষারধসের কবলে পড়ে। তার জেরেই নির্মল পুর্জা-সহ ১০ জন পর্বতারোহী নিখোঁজ হয়ে যান বলে আশঙ্কা করা হচ্ছে।
পুরো দল ধসের নিচে চাপা পড়ায়, বেস ক্যাম্পের কর্মীরা প্রায় ১২ ঘণ্টা পর ঘটনাটি জানতে পারেন — এই বিলম্বের কারণে দিনের আলো থাকতেই উদ্ধারকার্য শুরু করার সুযোগ হাতছাড়া হয়ে যায় বলে আল্পাইন ক্লাব অফ পাকিস্তানের নাইল কিয়ানি জানিয়েছেন। জিপিএস ট্র্যাকারে দেখা গিয়েছে, কয়েকজন পর্তারোহীর অবস্থান নির্ধারিত পথ থেকে কয়েকশো মিটার নিচে সরে গেছে, যা তুষারধসে ভেসে যওয়ার স্পষ্ট ইঙ্গিত দেয়।
পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার এবং স্থানীয় উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে খারাপ আবহাওয়া, তীব্র তুষারপাত এবং দুর্গম পাহাড়ি এলাকা উদ্ধারকার্যকে অত্যন্ত কঠিন করে তুলেছে। সর্বশেষ খবর অনুযায়ী, চারটি দেহ উদ্ধার হয়েছে। তবে নির্মল পুর্জার ভাগ্যে কী ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ব্রড পিকের (৮,০৪৭ মিটার) ক্যাম্প-৩-এর নীচে যে চারটি দেহ উদ্ধার করা হয়েছে, তার মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁরা হলেন নেপালের পর্বতারোহী পূর্ণ বাহাদুর গুরুং, যিনি ‘যুক্তা’ নামে পরিচিত, এবং ওমানের পর্বতারোহী নাধিরা আল হার্থি।
৪৩ বছর বয়সি নির্মল পুর্জা আধুনিক পর্বতারোহণের অন্যতম উজ্জ্বল নাম। ২০১৯ সালে মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি আট-হাজারি শৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। তাঁর এই অসাধারণ অভিযানের কাহিনি উঠে এসেছে নেটফ্লিক্সের জনপ্রিয় তথ্যচিত্র ’14 Peaks: Nothing Is Impossible’-এ।
সম্প্রতি নির্মল পুর্জা অক্সিজেন ছাড়া বিশ্বের সব ৮,০০০ মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ দ্বিতীয়বার জয়ের বিরল লক্ষ্য নিয়ে অভিযান চালাচ্ছিলেন। এই ঘটনার মাত্র ৯ দিন আগেই তিনি অক্সিজেন ছাড়া গ্যাশারব্রুম টু (Gasherbrum II) শৃঙ্গ জয় করেছিলেন — যা ছিল তাঁর ৫৭তম আট-হাজারী শৃঙ্গ জয়। সেই অভিযানের অংশ হিসেবেই তিনি ব্রড পিকে উঠছিলেন। নিখোঁজদের মধ্যে নেপাল, পাকিস্তান, ওমান, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর্বতারোহীরাও রয়েছেন।
পাকিস্তান সরকার, আলপাইন ক্লাব এবং সংশ্লিষ্ট দেশগুলির কর্তৃপক্ষ উদ্ধারকাজে সমন্বয় রেখে কাজ করছে। গোটা পর্বতারোহণ মহল এখন তাকিয়ে রয়েছে ব্রড পিকের দিকে— আশা, অলৌকিক কিছু ঘটুক, আর নিরাপদেই ফিরে আসুন নির্মল পুর্জা ও অন্যান্য নিখোঁজ অভিযাত্রীরা।




