ইজরায়েল এবং হামাসের যুদ্ধের চিরতরে ইতি টানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে গাজা স্ট্রিপে হামাস ও অন্যান্য সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের চুক্তি হয়েছে। এছাড়াও নতুন প্যালেস্তাইন প্রশাসন গঠন হবে এবং দফায় দফায় ইজরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে গাজা স্ট্রিপ থেকে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানিয়েছেন যে তার তৈরি বোর্ড অব পিসের জন্যই এই চুক্তিতে পৌঁছনো সম্ভব হয়েছে। তিনি বলেছেন যে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রকরণের চুক্তি হয়েছে। দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার জন্য এটা ঐতিহাসিক পদক্ষেপ বলেই উল্লেখ করেছেন ট্রাম্প।
ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ থামাতে, গাজার পুনর্নির্মাণ করতে ও স্থিতাবস্থা ফিরিয়ে আনতেই এই বোর্ড অব পিস তৈরি করেছিলেন ট্রাম্প। হামাসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে ইজরায়েলের সঙ্গে যে সম্মতি চুক্তি হয়েছে, তাতে হামাসের নিরস্ত্রকরণ এবং গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে।
মিশরের কায়রোয় এই চুক্তি নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল বলে সূত্রের খবর। মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেছেন, “হামাসের নিরস্ত্রকরণ সম্পন্ন হলে, ইজরায়েল সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। গাজাকে যাতে সেখানের বাসিন্দা ও পড়শিদের জন্য নিরাপদ বানানো যায়, তার জন্য নতুন প্যালেস্তাইন পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক স্টেবিলাইজেশন ফোর্স কাজ করবে।”
গত অক্টোবরে হামাস-ইজরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতি হয়। তবে তারপরও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সূত্রের খবর, ট্রাম্পের ঘোষণার পরই কায়রো শীঘ্রই গাজা শান্তি চুক্তির মধ্যস্থতাকারীদের নিয়ে বৈঠকে বসতে পারে। তবে কোথায় এই বৈঠক হবে, তা জানা যায়নি।




