• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

সারোগেসিতে ম্যাজিস্ট্রেটের ‘অতিরিক্ত হস্তক্ষেপ’ চলবে না, আলিপুর আদালতের নির্দেশ খারিজ করল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট বার্তা দিল সারোগেসি আইনে ম্যাজিস্ট্রেটের ভূমিকা শুধুই আইনি প্রক্রিয়া নিশ্চিত করা, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়

সারোগেসিতে ম্যাজিস্ট্রেটের ‘অতিরিক্ত হস্তক্ষেপ’ চলবে না, আলিপুর আদালতের নির্দেশ খারিজ করল হাইকোর্ট

প্রতিনিধিত্বমূলক চিত্র

সারোগেসির মাধ্যমে সন্তান নিতে ইচ্ছুক দম্পতির বয়স, স্বাস্থ্য বা মেডিক্যাল যোগ্যতা যাচাই করা ম্যাজিস্ট্রেটের কাজ নয়— এই ঐতিহাসিক পর্যবেক্ষণ করে আলিপুর আদালতের অতিরিক্ত জেলা বিচারকের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ, সারোগেসি-সংক্রান্ত আবেদন নতুন করে বিবেচনা করে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে।

সারোগেসির মাধ্যমে সন্তান নিতে চেয়ে আবেদন করেছিলেন  দক্ষিণ ২৪ পরগনার দম্পতি সৌমেন সেন এবং তাঁর স্ত্রী। সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার জন্য জেলা মেডিক্যাল বোর্ডের প্রয়োজনীয় শংসাপত্র সংগ্রহ করে আদালতের দ্বারস্থ হন। কিন্তু ম্যাজিস্ট্রেট তাঁদের আবেদন খারিজ করে দেন। কারণ হিসেবে শংসাপত্রের মেয়াদ শেষ হওয়া, সারোগেট মায়ের মানসিক সুস্থতার নথিতে ঘাটতি এবং আবেদনকারী বাবার বয়স ৫৫ বছরের বেশি হওয়াকে উল্লেখ করা হয়।

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সারোগেসি আইনে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সীমিত। দম্পতির বয়স বা স্বাস্থ্য যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট মেডিক্যাল কর্তৃপক্ষের। ম্যাজিস্ট্রেটের কাজ কেবল সারোগেট মায়ের স্বেচ্ছাসম্মতি, প্রতারণার অভিযোগ নেই কি না এবং সন্তানের জন্মের পর অভিভাবকত্ব ও দায়িত্ব সংক্রান্ত আইনি বিষয়গুলি নিশ্চিত করা।

আদালত আরও জানায়, মামলার দীর্ঘসূত্রতার কারণেই শংসাপত্রের মেয়াদ শেষ হয়েছে। তাই শুধুমাত্র সেই কারণ দেখিয়ে আবেদন খারিজ করা আইনসঙ্গত নয়। হাই কোর্টের নির্দেশ, দম্পতির আবেদন আইন অনুযায়ী পুনর্বিবেচনা করে সাত দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত জানাতে হবে।কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট বার্তা দিল সারোগেসি আইনে ম্যাজিস্ট্রেটের ভূমিকা শুধুই আইনি প্রক্রিয়া নিশ্চিত করা, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়।

উল্লেখ্য ২০২১ সালের সারোগেসি আইন অনুযায়ী, টাকা নিয়ে গর্ভ ভাড়া দেওয়া নিষিদ্ধ। বাবা-মা হতে ইচ্ছুক দম্পতি শারীরিক সমস্যার কারণে সন্তান ধারনে অক্ষম হলে সারোগেসির দ্বারস্থ হতে পারেন। সে ক্ষেত্রে সারোগেট মা হিসেবে কোনও উপযুক্ত মহিলাকে বেছে নিতে হয়। তিনি ওই দম্পতির সন্তান ধারণ করেন পরে সেই সন্তানকে তাঁদের হাতে তুলে দেন। গর্ভে ধারণ করলেও সদ্যোজাতের উপর আইনি কোনও অধিকার থাকে না সারোগেট মায়ের। টাকা নেওয়াও আইনত নিষিদ্ধ।  নির্দিষ্ট পদ্ধতি মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়। দম্পতির শারীরিক সমস্যা না থাকলে এই অনুমতি মেলে না।