• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

এ বার শ্রেয়স, শুভমান, বিরাটদের ফিল্ডিংয়ের তালিম দেবেন বাঙালি ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ, জেনে নিন তাঁর পরিচয়

খেলোয়াড় জীবনে তিনি আসাম ও রেলওয়েজের হয়ে ১৭টি প্রথম শ্রেণির এবং ১৭টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সংগ্রহ ৩১৬ রান, যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। লিস্ট-এ ক্রিকেটে করেছেন ৩০৭ রান। ২০০৫-এ ঝাড়খণ্ডের বিরুদ্ধে আসামের হয়ে শেষ ঘরোয়া ম্যাচ খেলেন শুভদীপ

এ বার শ্রেয়স, শুভমান, বিরাটদের ফিল্ডিংয়ের তালিম দেবেন বাঙালি ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ, জেনে নিন তাঁর পরিচয়

Photo: Representational Image

ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফে বড় পরিবর্তন করল বিসিসিআই। টি দিলীপের জায়গায় জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন এক বাঙালি শুভদীপ ঘোষ। শ্রীলঙ্কা সফরের আগেই তাঁর নিয়োগের ঘোষণা সরকারি ভাবে হতে পারে বলে জানা গিয়েছে।

অনেকে হয়তো তাঁর নাম শোনেননি। তবে ৫৭ বছর বয়সী শুভদীপ ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত। বাংলার সঙ্গে সরাসরি তাঁর যোগাযোগ নেই ঠিকই, তবে অসমের এক বঙ্গীয় পরিবার থেকে উঠে আসা মানুষ তিনি। সেই রাজ্য তো বটেই, রেলওয়েজের হয়েও খেলেছেন তিনি।

খেলোয়াড় জীবনে তিনি আসাম ও রেলওয়েজের হয়ে ১৭টি প্রথম শ্রেণির এবং ১৭টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সংগ্রহ ৩১৬ রান, যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। লিস্ট-এ ক্রিকেটে করেছেন ৩০৭ রান। ২০০৫-এ ঝাড়খণ্ডের বিরুদ্ধে আসামের হয়ে শেষ ঘরোয়া ম্যাচ খেলেন শুভদীপ।

তবে ক্রিকেটমহলে শুভদীপ বেশি পরিচিত তাঁর কোচিং কেরিয়ারের জন্য। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রাহুল দ্রাবিড়ের অধীনে কাজ করতে গিয়ে তাঁর কোচিং জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। এর পর ভারতের মহিলা দল, ভারত ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন শুভদীপ। সম্প্রতি ভারত ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরেও তিনি সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন।

আইপিএলেও শুভদীপের অভিজ্ঞতা যথেষ্ট। বাংলার সঙ্গে তাঁর সরাসরি যোগ না থাকলেও কলকাতার সঙ্গে অবশ্যই আছে। ২০১৪-য় কলকাতা নাইট রাইডার্সের আইপিএলজয়ী দলের সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন তিনি। এছাড়া দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন।

এদিকে, বিসিসিআই টি দিলীপের চুক্তির মেয়াদ আর বাড়ায়নি। ইংল্যান্ড সফরে ভারতের দুর্বল ফিল্ডিং পারফরম্যান্সের পর থেকেই পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। একইসঙ্গে সহকারী কোচ রায়ান টেন দুশখাতের সঙ্গেও বিসিসিআই আর চুক্তির মেয়াদ বাড়ায়নি। ফলে গৌতম গম্ভীরের কোচিং স্টাফে বড়সড় রদবদল দেখা দিয়েছে।

শ্রীলঙ্কা সফর থেকেই শুভদীপ ঘোষের সামনে বড় চ্যালেঞ্জ। ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান আরও উন্নত করার দায়িত্ব এখন তাঁরই হাতে। সাম্প্রতিক সময়ে ক্যাচ ফেলা এবং মাঠে ধারাবাহিক ভুলের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। সেই বদনাম দূর করাই হবে নতুন ফিল্ডিং কোচের প্রধান লক্ষ্য।