• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

বিধায়ক প্রণত টুডুর মামলায় বড় স্বস্তি, ১২ অক্টোবর পর্যন্ত কড়া পদক্ষেপে রাশ টানল হাইকোর্ট

বুধবার মামলা চলাকালীন তাঁর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালত জানান,লোকসভা নির্বাচনের প্রচারের সময় ঝাড়গ্রামের সাঁকরাইলের রগরা এলাকায় বিজেপি প্রার্থী প্রণত টুডুর উপর হামলার অভিযোগ ওঠে। বিজেপির দাবি ছিল, পুলিশের উপস্থিতিতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়

বিধায়ক প্রণত টুডুর মামলায় বড় স্বস্তি, ১২ অক্টোবর পর্যন্ত কড়া পদক্ষেপে রাশ টানল হাইকোর্ট

Image: SNS

২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারকে ঘিরে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় বড় স্বস্তি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বুধবার নির্দেশ দিয়েছেন, আগামী ১২ অক্টোবর পর্যন্ত প্রণত টুডুর বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর আইনি পদক্ষেপ নিতে পারবে না।

বুধবার মামলা চলাকালীন তাঁর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালত জানান,লোকসভা নির্বাচনের প্রচারের সময় ঝাড়গ্রামের সাঁকরাইলের রগরা এলাকায় বিজেপি প্রার্থী প্রণত টুডুর উপর হামলার অভিযোগ ওঠে। বিজেপির দাবি ছিল, পুলিশের উপস্থিতিতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিল তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেস। পুলিশের দাবি ছিল, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী।

ঘটনার পর বিজেপি সমাজ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করে। দলের অভিযোগ ছিল, একজন আদিবাসী সম্প্রদায়ের জনপ্রিয় নেতাকে রাজনৈতিকভাবে নিশানা করা হয়েছে এবং রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। অন্যদিকে, তৃণমূলও পাল্টা অভিযোগ তোলে যে বিজেপি কর্মীরা তাদের দলীয় পতাকা টাঙাতে বাধা দিয়েছিলেন।

ঘটনার সূত্রপাত ১৬ এপ্রিল, ২০২৪ সাঁকরাইল ব্লকের রোহিণী এলাকায় নির্বাচনী প্রচার শেষে কাঠুয়াপালে এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে রগরা এলাকায় হামলার মুখে পড়েন বলে অভিযোগ করেন প্রণত টুডু। তাঁর দাবি, দলীয় কর্মীর বাড়িতে খাবার খেতে যাওয়ায় বাধা দেওয়া হয় এবং পরে যে দোকানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেখান থেকেও খাবার সরিয়ে নেওয়া হয়।

এই ঘটনার পর প্রণত টুডুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার আদালতের অন্তর্বর্তী নির্দেশে আপাতত ১২ অক্টোবর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। ছাব্বিশের নির্বাচনে তিনি ঝাড়গ্রামের বিনপুর থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন।