• facebook
  • twitter
  • youtube
Monday, 14 September, 2026

পরোটার দোকানে উদ্ধার দেহ, চাঞ্চল্য নিউটাউনে 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইকো পার্ক থানার পুলিশ। পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা শুরু করেছে পুলিশ

পরোটার দোকানে উদ্ধার দেহ, চাঞ্চল্য নিউটাউনে 

Youth Dead Body Found Photo-Representative

পরোটার দোকান থেকে বুধবার সকালে এক  ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে  চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইকো পার্ক থানার পুলিশ। ব্যক্তির নাম রতন ঘোষ। বয়স আনুমানিক ৬০  বা তার বেশি হতে পারে।

নিউটাউনের রামমন্দিরের পাশেই রয়েছে অনেকদিনের পুরনো পরোটার দোকান। অন্যান্য মতোই বুধবার সকালে মালিক দোকান খুলতে যান।পুলিশ সূত্রে জানা গিয়েছে,  সকালে দোকান খুলতে এসে মালিক দোকানের ভিতরে এক ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ওই ব্যক্তিকে ডেকে সাড়া না পেয়ে আশপাশের ব্যবসায়ীদের খবর দেন। পরে সবাই মিলে নিশ্চিত হন, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মৃতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, পড়ে গিয়ে ওই আঘাত লাগতে পারে। যদিও অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

কীভাবে ব্যক্তির মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়।  কীভাবে ওই দোকানে এলেন তাও জানা যায়নি।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  ঘটনার তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ।