আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙাকে ঘিরে আইনি জট আরও ঘনীভূত। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ৬ আগস্ট পর্যন্ত ওই মামলায় স্থগিতাদেশ বজায় থাকবে। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, ওই দিন দুপুর ২টো নাগাদ তিনটি পৃথক মামলার একসঙ্গে শুনানি হবে।
এর আগে রবিবার ছুটির দিনেও বিশেষভাবে আদালত বসিয়ে দলীয় কার্যালয় ভাঙার উপর স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মঙ্গলবার সেই অন্তর্বর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন জানায় রাজ্য। অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে দাবি করেন, যে জমির দাগ নম্বর নিয়ে মামলা হয়েছে সেখানে কোনও ভাঙার কাজই হয়নি। তাঁর বক্তব্য, মামলা হয়েছে ৫০৯ ও ৫১২ নম্বর দাগ নিয়ে। অথচ ভাঙা হয়েছে ৫০৭ নম্বর দাগে। তাই আগের স্থগিতাদেশের নির্দেশ প্রত্যাহার করা উচিত।
অন্যদিকে, লিপস অ্যান্ড বাউণ্ডসের পক্ষে আইনজীবী কিশোর দত্ত অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তাঁর দাবি, জমির দাগ নম্বর নিয়ে বিতর্ক রয়েছে। ভাঙার আগে জমির মালিককে কোনও নোটিশ দেওয়া হয়নি। কী অভিযোগের ভিত্তিতে নির্মাণকে বেআইনি বলা হয়েছে, সেই সংক্রান্ত নথিও দেওয়া হয়নি। কোনও বক্তব্যের সুযোগ না দিয়েই ভাঙার পদক্ষেপ করা হয়েছে বলেও আদালতে অভিযোগ তোলা হয়।
আরও পড়ুন: আদালতে মামলা হতেই পুলিশের অনুমতি! দুর্নীতি-সহ একাধিক দাবিতে পথে নামছে এবিটিএ
এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ভাঙার বিরুদ্ধে পৃথক আবেদন দাখিল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ জানান, যেহেতু মামলায় তিনটি পৃথক আবেদন জমা পড়েছে। তাই সেগুলির উপর একসঙ্গে শুনানি হওয়া প্রয়োজন। তাই আপাতত মামলার শুনানি মুলতুবি রাখা হয়। সেই কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে এবং ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।




