• facebook
  • twitter
  • youtube
Monday, 27 July, 2026

ফের ১৩৫ অফিসার রদবদল: নবান্নের নির্দেশে পাল্টাচ্ছে ৯৯ বিডিও, বদলি ৩৬ ডেপুটি ম্যাজিস্ট্রেট

নবান্নে একদিনে ১৩৫ জন WBCS আধিকারিকের রদবদল, বদলির তালিকায় একঝাঁক বিডিও ও ডেপুটি ম্যাজিস্ট্রেট, যোগদানের সময়সীমা বেঁধে দিল রাজ্য।

ফের ১৩৫ অফিসার রদবদল: নবান্নের নির্দেশে পাল্টাচ্ছে ৯৯ বিডিও, বদলি ৩৬ ডেপুটি ম্যাজিস্ট্রেট

নবান্নের বড় পদক্ষেপ (SNS)

রাজ্য প্রশাসনে ফের বড়সড় রদবদলের ছবি প্রকাশ্যে এল সোমবার। রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তথা পি অ্যান্ড আর ডিপার্টমেন্টের (P & AR Department) ডব্লিউবিসিএস সেল (WBCS Cell) একই দিনে জারি করেছে দু’টি পৃথক বিজ্ঞপ্তি, যাতে মোট ১৩৫ জন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিকের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যপালের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বদলি কার্যকর হয়েছে বলে নবান্নের (Nabanna) তরফে জারি করা নোটিফিকেশনে জানানো হয়েছে।

সিনিয়র স্তরে রদবদল

প্রথম বিজ্ঞপ্তিতে মূলত সিনিয়র ও মিড-লেভেল অফিসারদের ৩৬ জনের একটি তালিকায় দেখা যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ রদবদল। যেমন, ডব্লিউবিএসএসসি-র (WBSSC) সেক্রেটারি-কাম-কন্ট্রোলার অফ এগজাম পদে থাকা সৌম্যজিৎ দেবনাথকে পাঠানো হয়েছে পরিবহন দপ্তরে স্পেশাল সেক্রেটারি পদে, সঙ্গে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ডিরেক্টর, ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউটেরও। সংখ্যালঘু উন্নয়ন ও কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব পদমর্যাদার মৃন্ময় বিশ্বাসকে পাঠানো হয়েছে রাজ্য ভিজিল্যান্স কমিশনে স্পেশাল সেক্রেটারি করে। এ ছাড়া দুর্গাপুর পুরনিগমের সচিব পদে বদলি করা হয়েছে অভিজিৎ সামন্তকে।

জেলাওয়াড়ি বিডিও রদবদল

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে আরও বড় সংখ্যার রদবদল। যেখানে সিংহভাগই ব্লক ডেভেলপমেন্ট অফিসার (Block Development Officer), ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদমর্যাদার ৯৯ জন। এই তালিকায় মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, হাওড়া ও কোচবিহারের মতো জেলাগুলিতে ব্যাপক রদবদল লক্ষ করা যাচ্ছে। যেমন, মেদিনীপুর সদরের বিডিও দেবাশিস মণ্ডলকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানের গলসি-২ ব্লকে, আবার মালদহের জেলাশাসক ও জেলা সংগ্রাহক পদে থাকা দেবাশিস চৌধুরীকে পাঠানো হয়েছে বীরভূমের জেলা এসএইচজি অ্যান্ড এসই অফিসার পদে।

ব্যাপক রদবদল প্রশাসনে (SNS)
ব্যাপক রদবদল প্রশাসনে (SNS)

প্রবেশনার ব্যাচের অফিসার

লক্ষণীয় বিষয়, দ্বিতীয় তালিকার একটা বড় অংশই ২০২৫ ব্যাচের প্রবেশনে থাকা (On Probation) ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর, যাঁদের এই প্রথমবার স্থায়ী ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে পোস্টিং দেওয়া হচ্ছে। প্রায় প্রতিটি জেলা থেকেই এমন তরুণ অফিসারদের ব্লক পর্যায়ে দায়িত্ব দেওয়া রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোয় নতুন রক্ত সঞ্চালনের ইঙ্গিত বলেই মত প্রশাসনিক মহলের একাংশের।

যোগদানের সময়সীমা

দু’টি বিজ্ঞপ্তিতেই স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট অফিসারদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে আগামী ৩১ জুলাই বিকেলের মধ্যেই তাঁদের বর্তমান পদ থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে বলে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। জেলাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের কাছেও অবিলম্বে সংশ্লিষ্ট অফিসারদের ছাড়ার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

প্রশাসনের জন্য তাৎপর্যের

বছরের মাঝামাঝি সময়ে এমন ব্যাপক আকারে প্রশাসনিক রদবদল রাজ্যের ব্লক ও জেলা স্তরের প্রশাসনিক কাজকর্মে স্বল্প মেয়াদে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মত আধিকারিকদের একাংশের। একসঙ্গে এমন বিরুল ব্লক ডেভেলপমেন্ট অফিসার বদলি হওয়ায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প ও স্থানীয় প্রশাসনিক কাজে ধারাবাহিকতা বজায় রাখাটা যেমন বড় চ্যালেঞ্জ, তেমন তরুণদের সামনের সারিতে আনায় সরকার আরও গতিশীল হবে বলেই অভিমত তথ্যাভিজ্ঞ মহলের।