• facebook
  • twitter
  • youtube
Monday, 27 July, 2026

নিট পরীক্ষায় সেরা ১০০ জনকে সংবর্ধনার সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী দেবেন ল্যাপটপ

রাজ্য সরকারের এই উদ্যোগকে চিকিৎসা শিক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের স্বীকৃতি বলে মনে করা হচ্ছে

নিট পরীক্ষায় সেরা ১০০ জনকে সংবর্ধনার সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী দেবেন ল্যাপটপ

CM Suvendu Adhikari Photo-IANS

নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে তোলপাড় গোটা দেশ। আন্দোলন এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। সোমবার সংসদ অচল হয়ে যায়। যদিও কেন্দ্রীয় সরকার এই ধরণের প্রশ্ন ফাঁস যাতে আর না হয় তার জন্য কঠোর বিল আনতে চাইছে। বিরোধীরা তাতে বাধা দিচ্ছে। তাই সংসদ অচল হয়ে পড়ছে। এই আবহে নিট পরীক্ষায় প্রথম ১০০ জন যাঁরা সাফল্য পেয়েছেন তাঁদের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে এমনই উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী ২৮ জুলাই নবান্ন সভাঘরে নিট পরীক্ষায় সেরা ফল করা ১০০ জন পড়ুয়াকে সংবর্ধনা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জারি হওয়া একটি প্রশাসনিক নির্দেশিকায় এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

এই সংবর্ধনা সম্পর্কে জানা গিয়েছে, অনুষ্ঠান নিয়ে এখন থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবের নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৮ জুলাই বিকেল ৫টা নাগাদ নবান্ন সভাঘরে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে। নিট পরীক্ষায় সেরা ১০০ জন ছাত্রছাত্রীর পাশাপাশি তাঁদের অভিভাবকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক কৃতী পড়ুয়ার হাতে একটি করে ল্যাপটপ তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে মোট প্রায় ৪০০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্য প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে। এই অনুষ্ঠানের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের এক বিশেষ সচিব এবং এক সিনিয়র ডেপুটি সেক্রেটারিকে। একইসঙ্গে নবান্নের আন্ডার সেক্রেটারিকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই অনুষ্ঠানের আগে নানা দপ্তরের সঙ্গে সমন্বয়, অতিথিদের উপস্থিতি, নিরাপত্তা, আসন বিন্যাস এবং অন্যান্য লজিস্টিক ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা, চিকিৎসা শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের সিনিয়র পিএস-সহ সংশ্লিষ্ট অফিসারদের কাছেও পাঠানো হয়েছে। যাতে অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ দ্রুত সম্পন্ন করা যায়। রাজ্য সরকারের এই উদ্যোগকে চিকিৎসা শিক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের স্বীকৃতি বলে মনে করা হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তাঁদের আরও উৎসাহিত করতেই এমন পদক্ষেপ। সংবর্ধনায় ল্যাপটপ প্রদানও ভবিষ্যতের পড়াশোনা এবং পেশাগত প্রস্তুতিতে কাজে আসবে বলে মনে করছে রাজ্য সরকার।