• facebook
  • twitter
  • youtube
Thursday, 23 July, 2026

বর্ষার জলে বেহাল অঙ্গনওয়াড়ি, অবহেলার শিকার শিশুরা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুরবস্থা নতুন নয়। দীর্ঘদিন ধরে কেন্দ্রটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে

বর্ষার জলে বেহাল অঙ্গনওয়াড়ি, অবহেলার শিকার শিশুরা

Image: SNS

সালানপুর ব্লকের বোলকুন্ডা দাসপাড়ার ৮৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বেহাল।  সামান্য বৃষ্টিতেই  ঘরের ভিতরে জল ঢুকে পরিণত হয়েছে  স্যাঁতসেঁতে পরিবেশে। অঙ্গনওয়ারির মেঝেতে নোংরা জল, বসার মতো একফালি শুকনো জায়গাও নেই। অথচ এই অস্বাস্থ্যকর পরিবেশেই দিনের পর দিন বসতে বাধ্য হচ্ছে  শিশুরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই দুরবস্থা নতুন নয়। দীর্ঘদিন ধরে কেন্দ্রটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও মেলেনি স্থায়ী সমাধান। অভিযোগ, আশ্বাসের ভাষণ মিলেছে, কিন্তু সংস্কারের হাত পৌঁছয়নি। ফলে প্রতিটি বর্ষাই যেন শিশুদের জন্য দুর্ভোগের নতুন অধ্যায় লিখে চলেছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার দাবি, বৃষ্টির জল ঘরে ঢুকে সম্পূর্ণ মেঝে ভিজিয়ে দেয়। শিশুদের বসার মতো ন্যূনতম পরিবেশও থাকে না। বিষয়টি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনও কার্যকর পদক্ষেপের দেখা মেলেনি।
প্রশ্ন উঠছে, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষার মতো স্পর্শকাতর পরিষেবার ক্ষেত্রেও যদি এমন চরম অবহেলা থেকে যায়, তবে প্রশাসনিক নজরদারির কার্যকারিতা কোথায়? উন্নয়নের প্রচারে কোটি কোটি টাকা ব্যয় হলেও, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে নিরাপদ ও ব্যবহারযোগ্য করে তোলার দায়িত্ব কেন বারবার উপেক্ষিত হচ্ছে?   এখন দেখার, প্রশাসন কী ব্যবস্থা নেয়।