• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

গম্ভীরের আস্থা অর্জনে ব্যর্থ, এবার ইংল্যান্ডেই নতুন চ্যালেঞ্জ! ইয়র্কশায়ারের জার্সিতে নতুন ইনিংস এই ভারতীয় টেস্ট বোলারের

মরসুমের শেষ দিকে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেই আমরা মনে করছি। বাঁ-হাতি রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ আমাদের আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। সর্বোচ্চ স্তরে খেলার বিশাল অভিজ্ঞতাও ওর রয়েছে। ওকে দলে পেয়ে আমরা অত্যন্ত খুশি’।

গম্ভীরের আস্থা অর্জনে ব্যর্থ, এবার ইংল্যান্ডেই নতুন চ্যালেঞ্জ! ইয়র্কশায়ারের জার্সিতে নতুন ইনিংস এই ভারতীয় টেস্ট বোলারের

Photo: X

ইংল্যান্ড সফরে একের পর এক ম্যাচে সুযোগ না পেয়ে হতাশ হতে হয়েছিল তাঁকে। গৌতম গম্ভীরের ভারতীয় দলে কার্যত ব্রাত্যই ছিলেন কুলদীপ যাদব। কিন্তু সেই হতাশার মধ্যেই এল নতুন সুখবর। চলতি মরসুমে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের হয়ে খেলবেন ভারতের বাঁ-হাতি চায়নাম্যান স্পিনার।

ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব বুধবার ঘোষণা করেছে, ৩১ বছরের কুলদীপ মেট্রো ব্যাঙ্ক ওয়ান ডে কাপের পাঁচটি ম্যাচ খেলবেন। এরপর সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতেও হেডিংলির ক্লাবটির হয়ে মাঠে নামবেন। শুক্রবার গ্ল্যামরগানের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ থেকেই তাঁর নতুন যাত্রা শুরু হওয়ার কথা।

নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত কুলদীপ। তিনি বলেন, ‘ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে আমি সত্যিই খুব খুশি। এই সুযোগ দেওয়ার জন্য ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ। ইয়র্কশায়ারের মতো ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে গর্বের বিষয়’।

ইংল্যান্ডের পরিবেশে খেলতে বরাবরই উপভোগ করেন বলেও জানিয়েছেন ভারতীয় স্পিনার। কুলদীপের কথায়, ‘ইংল্যান্ডের পরিবেশে খেলার চ্যালেঞ্জ আমি সবসময়ই উপভোগ করেছি। ক্লাব কর্তাদের সঙ্গে কথা বলার পর দলে যোগ দেওয়ার ব্যাপারে আরও উৎসাহিত হয়ে পড়ি। হেডিংলিতে থাকাকালীন দলের জন্য ইতিবাচক অবদান রাখার অপেক্ষায় রয়েছি’।

ভারতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও ইয়র্কশায়ার কিন্তু কুলদীপের উপর পূর্ণ আস্থা রাখছে। ইংল্যান্ডের শুষ্ক গ্রীষ্মে স্পিন যে বড় ভূমিকা নেবে, তা মনে করছেন ক্লাবের ক্রিকেট বিভাগের জেনারেল ম্যানেজার গ্যাভিন হ্যামিল্টন।

তিনি বলেন, ‘এ বছর গ্রীষ্মটা খুবই শুষ্ক গিয়েছে। তাই মরসুমের শেষ দিকে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেই আমরা মনে করছি। বাঁ-হাতি রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ আমাদের আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। সর্বোচ্চ স্তরে খেলার বিশাল অভিজ্ঞতাও ওর রয়েছে। ওকে দলে পেয়ে আমরা অত্যন্ত খুশি’।

১৮টি টেস্টে কুলদীপের ঝুলিতে রয়েছে ৭৯টি উইকেট, সেরা বোলিং ৫/৪০। ২০২৪ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে তিনি নিয়েছিলেন ১৯টি উইকেট। এক দিনের ক্রিকেটে তাঁর সাফল্য আরও বেশি— ১৯৪টি উইকেট, সেরা বোলিং ৬/২৫।