• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

টি-২০ সিরিজ শুরু কাল, ভারতকে ‘ফেভারিট’ মানতে নারাজ জিম্বাবোয়ে অধিনায়ক, বৈভবের প্রশংসায় পঞ্চমুখ

২৩ জুলাই হারারের হারারে স্পোর্টস ক্লাবে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সব ম্যাচই হবে একই মাঠে

টি-২০ সিরিজ শুরু কাল, ভারতকে ‘ফেভারিট’ মানতে নারাজ জিম্বাবোয়ে অধিনায়ক, বৈভবের প্রশংসায়  পঞ্চমুখ

Photo: Representational Image

আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে অনেকেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ফেভারিট বলে মনে করছেন। কিন্তু সেই ধারণা একেবারেই মানতে নারাজ জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তাঁর দাবি, এই সিরিজ একপেশে হবে না, বরং দুই দলেরই জেতার সমান সুযোগ রয়েছে।

২৩ জুলাই হারারের হারারে স্পোর্টস ক্লাবে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সব ম্যাচই হবে একই মাঠে। সিরিজ শুরুর আগে সংবাদমাধ্যমকে রাজা বলেন, ‘আমি এটাকে একপেশে সিরিজ বলে মনে করি না। দুই দলেরই জেতার সমান সুযোগ রয়েছে’।

ভারত এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তবে সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে সিরিজ হারতে হয়েছে শ্রেয়স আইয়ারের দলকে। সেই প্রসঙ্গ টেনে জিম্বাবোয়ে অধিনায়ক বলেন, ‘ভারত দুর্দান্ত দল, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আমরা গত কয়েক মাসে ধারাবাহিক ক্রিকেট খেলেছি এবং নিজেদের সামর্থ্যে বিশ্বাস করি’।

রাজা আরও বলেন, ‘আমরা নিজেদের ঘরের মাঠে খেলছি। তাই দর্শকদের সমর্থনও আমাদের বড় শক্তি হবে। আমরা জানি, ভারতের বিরুদ্ধে ভাল খেলতে হলে সেরাটা উজাড় করে দিতে হবে’।

ভারতীয় দলকে নিয়ে বাড়তি সম্মান দিলেও প্রতিপক্ষকে কোনোভাবেই অজেয় মনে করছেন না জিম্বাবোয়ে অধিনায়ক। তাঁর কথায়, ‘ভারত বিশ্বচ্যাম্পিয়ন বলে ওরা আগে থেকেই সিরিজ জিতে গিয়েছে, এমনটা আমি মনে করি না। মাঠে যে দল ভাল খেলবে, তারাই জিতবে’।

ভারতের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশীও এই সিরিজে খেলবেন। ভারতীয় দলকে চ্যালেঞ্জ করলেও বৈভবের প্রশংসা শোনা গেল জিম্বাবোয়ে অধিনায়কের মুখে। তিনি মনে করেন, বৈভবকে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে সে ভবিষ্যতের ‘প্রজন্ম বদলে দেওয়া’ (Generational Talent) ক্রিকেটার হয়ে উঠতে পারে।

জিওস্টারে দেওয়া সাক্ষাৎকারে রাজা বলেন, ‘বৈভব অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার। ১৫ বছরের একটা ছেলে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে।মাত্র দু-তিনটি ম্যাচের পর তার সমালোচনা করা কোনওভাবেই উচিত নয়’।

ইংল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেটে বৈভবের অভিষেক মনে রাখার মতো হয়নি। তিনটি টি-টোয়েন্টিতে করেছেন ১৪, ১৩ ও ১৫ রান। দু’বার জোফ্রা আর্চারের শর্ট বলে আউট হয়েছেন। কিন্তু তাতেই ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে বিচার করতে নারাজ জিম্বাবোয়ের অধিনায়ক।

বরং ভারতীয় বোর্ড এবং সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আমার মনে হয়, বৈভবের পাশে অনেক অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার রয়েছেন। ওকে যদি ঠিকভাবে পরিচালনা করা হয় এবং যত্ন নিয়ে গড়ে তোলা হয়, তা হলে ও আগামী দিনের ‘জেনারেশনাল ট্যালেন্ট’ হয়ে উঠতে পারে’।

জিম্বাবোয়ের মাটিই বৈভবের কাছে সুখস্মৃতির জায়গা। চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসেই ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন এই বাঁহাতি ওপেনার। এবার সেই হারারেতেই তাঁর সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ।

সঞ্জু স্যামসন এই সিরিজে না থাকায় ওপেনিংয়ে বৈভবকে দীর্ঘ সুযোগ দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। সেই প্রসঙ্গে রাজা বলেন, ‘গত এক বছরে ও যা করেছে, ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এবং এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছে— এগুলো কোনও ছোট সাফল্য নয়’।

তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের গল্প আজকাল খুব একটা শোনা যায় না। বৈভব সত্যিই বিশেষ প্রতিভা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওকে কীভাবে পরিচালনা করা হয় এবং কীভাবে গড়ে তোলা হয়’।

২৩ জুলাই থেকে হারারেতে শুরু হচ্ছে ভারত-জিম্বাবোয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বৈভবকে ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। আর সিরিজ শুরুর আগেই প্রতিপক্ষ অধিনায়কের মুখে এমন প্রশংসা তরুণ ভারতীয় ব্যাটারের প্রতি আস্থা আরও বাড়িয়ে দিল।