লর্ডসে সেঞ্চুরি করেও ভারতের সিরিজ হার এড়াতে পারেননি। কিন্তু ম্যাচ শেষে ব্যাটিংয়ের চেয়েও বেশি চর্চা শুরু হয়েছে রোহিত শর্মার কথা নিয়ে। দীর্ঘদিন ধরে চলা অবসর জল্পনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের অভিজ্ঞ ওপেনার। স্পষ্ট জানিয়ে দিলেন, বাইরের সমালোচনা বা গুঞ্জন তাঁর সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও শেষ ম্যাচে ১১০ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত। ম্যাচের পরে বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে অবসর নিয়ে চলা জল্পনা সম্পর্কে প্রশ্ন করা হয়।
জবাবে একেবারেই চাপমুক্ত শোনায় তাঁকে। রোহিত বলেন, ‘আমি কী করতে চাই, তা আমি খুব ভাল করেই জানি। বাইরের লোক কী বলছে বা কী লিখছে, তাতে আমার কিছু যায় আসে না। ক্রিকেট খেলতে শুরু করার পর থেকেই এই ধরনের আলোচনা শুনে আসছি। তাই এগুলো আমার কাছে নতুন কিছু নয়’।
সমালোচনা প্রসঙ্গে ভারতীয় তারকার স্পষ্ট বক্তব্য, ‘এ সব নিয়ে আমি বিশেষ ভাবি না। বরং বলব, আলোচনা চলুক। আলোচনা না হলে মজা কোথায়’! নিজের লক্ষ্য সম্পর্কেও পরিষ্কার বার্তা দিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘আমার কাজ একটাই— ভারতের হয়ে খেলতে নামা এবং দলের জন্য যতটা সম্ভব অবদান রাখা। সেই কাজটাই করে যেতে চাই’।
গত কয়েক দিন ধরে জোর গুঞ্জন ছিল, লর্ডসের তৃতীয় একদিনের ম্যাচই হয়তো রোহিতের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে। যদিও এর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড সেই জল্পনা উড়িয়ে দিয়েছিল। সেঞ্চুরির পর রোহিতের এই মন্তব্য কার্যত আরও একবার স্পষ্ট করে দিল, আপাতত অবসর নেওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই।
প্রথম দুই একদিনের ম্যাচে ব্যর্থ হওয়ার পর সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত। কিন্তু সিরিজের শেষ ম্যাচে দুরন্ত শতরান করে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সিরিজ হারলেও তাঁর ব্যাট এবং অবসর বিতর্কে দেওয়া বার্তা— দু’টিই এখন ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু।




