• facebook
  • twitter
  • youtube
Tuesday, 21 July, 2026

বিশ্বকাপের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তিকর মুহূর্ত! ট্রফি তুলে দেওয়ার পরও সরলেন না প্রেসিডেন্ট, টেনে সরালেন ফিফা সভাপতি!

ট্রাম্প হাসিমুখে ফুটবলারদের অভিনন্দন জানিয়ে মঞ্চ থেকে নেমে যান। তাঁর নামার পরেই স্পেনের ফুটবলাররা স্বস্তিতে বিশ্বকাপ ট্রফি মাথার উপর তুলে সেলিব্রেশন শুরু করেন।

বিশ্বকাপের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তিকর মুহূর্ত! ট্রফি তুলে দেওয়ার পরও সরলেন না প্রেসিডেন্ট, টেনে সরালেন ফিফা সভাপতি!

Photo: X

স্পেনের ফুটবলাররা তখন বিশ্বকাপ ট্রফি হাতে উদ্‌যাপনের অপেক্ষায়। চারদিক জুড়ে উচ্ছ্বাস, আতসবাজি আর ক্যামেরার ঝলকানি। কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তেই তৈরি হল এক অপ্রত্যাশিত অস্বস্তিকর পরিস্থিতি। ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চ থেকে নামলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজে এগিয়ে এসে তাঁকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনা কি কারো চোখ এড়াবে? মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ঘটনাটি।

ফিফার নিয়ম অনুযায়ী ট্রফি তুলে দিতে মঞ্চে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। স্পেন অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার পর ফুটবলারদের সঙ্গে সেলিব্রেশনের জন্য অতিথিদের মঞ্চ ছেড়ে নেমে যাওয়ার কথা ছিল।

FIFA World Cup 2026
Photo: X

কিন্তু সেখানেই গোলমাল। ইনফান্তিনো মঞ্চ থেকে সরে গেলেও ট্রাম্প সেখানেই দাঁড়িয়ে থাকেন। স্পেনের ফুটবলাররা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। কেউ ট্রফি উঁচিয়ে ধরছেন, কেউ উদ্‌যাপন শুরু করতে গিয়েও থেমে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, ফুটবলাররা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছেন কী করবেন।

পরিস্থিতি বুঝে ইনফান্তিনো আবার মঞ্চে ফিরে আসেন। তিনি ট্রাম্পের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলেন এবং ইশারায় তাঁকে মঞ্চ ছেড়ে নামার অনুরোধ জানান। এরপর ট্রাম্প হাসিমুখে ফুটবলারদের অভিনন্দন জানিয়ে মঞ্চ থেকে নেমে যান। তাঁর নামার পরেই স্পেনের ফুটবলাররা স্বস্তিতে বিশ্বকাপ ট্রফি মাথার উপর তুলে সেলিব্রেশন শুরু করেন।

FIFA World Cup 2026
Photo: X

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই মন্তব্য করেন, বিশ্বকাপজয়ী দলের জন্য নির্ধারিত মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি অপ্রয়োজনীয়ভাবে নজর কেড়েছে। আবার কেউ কেউ বলেন, ট্রাম্প হয়তো পরিস্থিতি বুঝতে পারেননি এবং কোনও অসৌজন্য দেখানোর উদ্দেশ্য তাঁর ছিল না। তবে অধিকাংশের মতে, ইনফান্তিনোর দ্রুত হস্তক্ষেপেই আরও বড় অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

বিশ্বকাপের ইতিহাসে ট্রফি প্রদান অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্তের অভাব নেই। তবে স্পেনের বিশ্বজয়ের রাতের এই ঘটনাও নিঃসন্দেহে দীর্ঘদিন আলোচনায় থাকবে। মাঠের খেলার পাশাপাশি পুরস্কার বিতরণী মঞ্চেও এমন নাটকীয় দৃশ্যের সাক্ষী থাকল মেটলাইফ স্টেডিয়াম।