• facebook
  • twitter
  • youtube
Saturday, 18 July, 2026

ওয়াংচুকের অনশন-বিদ্রোহ ছড়িয়ে পড়ল দেশে, আওয়াজ তুলল বলিউড

নিটের প্রশ্নফাঁস-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সোনম ওয়াংচুকের সঙ্গে যন্তরমন্তরে অনশনে বসেছিলেন ছাত্র সংগঠন আইসা-র ছয় প্রতিনিধি। গত ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন।

ওয়াংচুকের অনশন-বিদ্রোহ ছড়িয়ে পড়ল দেশে, আওয়াজ তুলল বলিউড

Photo: ANI & Instagram

দিল্লির যন্তর মন্তরের অনশন মঞ্চ থেকে সোনম ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় তীব্র নিন্দা জানালেন বলিউডের একাধিক শিল্পী। শনিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গায়ক বিশাল দাদলানি। তাঁর প্রশ্ন,  ‘আপনারা কখনও এমন কাপুরুষতা দেখেছেন?  সোনমকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেশের মানুষের সঙ্গে যা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। এই দেশের মানুষ আর কতদিন ঘুমিয়ে থাকবেন? এখন না জাগলে আর কবে জাগবেন?  আমি জানি না কী বলব? কী ভাবব?’ এরপরেই তিনি বলেন, ‘শুধু ইচ্ছে করছে আমি যদি সেখানে থাকতে পারতাম এবং কোনও ভাবে তাঁকে সাহায্য করতে পারতাম। প্রচণ্ড রাগ হচ্ছে।’

অভিনেতা প্রকাশ রাজও এক্স হ্যান্ডেলে সুর চড়িয়ে লিখেছেন, ‘গোটা বিশ্ব এমন এক কাপুরুষ সরকারের সাক্ষী যাঁরা যুব সমাজের সঙ্গে আলোচনায় বসতে চায় না। বরং স্বৈরাচারীর মতো আচরণ করে। শান্তিপূর্ণ আন্দোলন ভেঙে দিয়ে জোর করে ওয়াচুককে সরিয়ে নিয়ে যাওয়া নিতান্ত ভয় ছাড়া আর কিছু নয়। অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা।’ অভিনেতা প্রকাশ রাজ এর পাশাপাশি আরও একটি পোস্ট করেছেন। সেখানে তিনি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন। প্রকাশ রাজ বলেন, ‘পর্দার আড়ালে কী আছে? ৫৬ ইঞ্চির বুকের আড়ালে আছে শুধুই ভয়।’

অন্যদিকে, অভিনেত্রী সোনাক্ষী সিনহা আবার এক আন্দোলনকারীর ভিডিও শেয়ার করেছেন। যেখানে সোনম ওয়াংচুককে জোর করে আটক করার অভিযোগ করেছেন ওই আন্দোলনকারী। উল্লেখ্য, নিটের প্রশ্নফাঁস-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সোনম ওয়াংচুকের সঙ্গে যন্তরমন্তরে অনশনে বসেছিলেন ছাত্র সংগঠন আইসা-র ছয় প্রতিনিধি। গত ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন।

টানা ২১ দিন ধরে সোনাম ওয়াংচুক অনশনে বসেছেন। বর্তমানে ডিহাইড্রেশন ও শারীরিক অবস্থার অবনতির জন্য চিকিৎসকদের পরামর্শ ও দিল্লি হাইকোর্টের নির্দেশে দিল্লি পুলিশ শনিবার সকালে তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের বুলেটিন অনুযায়ী, তিনি এখনও অনশন প্রত্যাহার করেননি। সেই সঙ্গে কোনও ধরনের পুষ্টি বা আইভি ফ্লুইড গ্রহণে সম্মতি দেননি। সোনাম ওয়াংচুক আগের মতোই শুধুমাত্র নুন-জল খেয়ে অনশন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো।