• facebook
  • twitter
  • youtube
Friday, 17 July, 2026

মুর্শিদাবাদের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, গাফিলতি বরদাস্ত নয় সাফ জানালেন শুভেন্দু

মৃত প্রত্যেকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বও নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি

মুর্শিদাবাদের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, গাফিলতি বরদাস্ত নয় সাফ জানালেন শুভেন্দু

Image: SNS

মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণে ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকের ছায়া রাজ্যজুড়ে। রেললাইন পার হওয়ার সময় একটি পুলকার ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় চার শিশু-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। হাসপাতাল সূত্রে খবর, তাঁদেরর কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনার পর সমাজ মাধ্যমে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার পরপরই রাজ্য পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। দায়িত্বে থাকা রেল গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যাঁদের গাফিলতি বা দায় প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মৃত প্রত্যেকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বও নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং চিকিৎসদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জেলাশাসক ও পুলিশ সুপার-সহ জেলার প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ, তদন্ত এবং পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসায় যাতে কোনও ঘাটতি না থাকে, সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য দপ্তরও গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। হাসপাতালে ভর্তি প্রত্যেক আহতকে সর্বোচ্চ মানে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে, নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে রাজ্য সরকারও মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে।

পূর্ব রেলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ের গেট খোলা ছিল। রেলের প্রকাশিত বিবৃতিতেও সেই তথ্য উল্লেখ করা হয়েছে। তবে একই সঙ্গে রেল জানিয়েছে, সিগন্যালিং ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না এবং সঠিক সিগন্যাল মেনেই ট্রেন চলছিল। ফলে তদন্তে এখন দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের ভূমিকা এবং লেভেল ক্রসিং পরিচালনায় কোনও গাফিলতি হয়েছিল কি না, সেটিই খতিয়ে দেখা হচ্ছে।