ভারতীয় ক্রিকেটে তাঁর নতুন অধ্যায়ের সূচনা করেছেন মাত্র ১৫ বছরের বৈভব সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই সচিন তেন্ডুলকরের দীর্ঘদিনের নজির ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিহারের এই বাঁহাতি ব্যাটার। আর সেই কৃতিত্বের জন্যই তাঁকে বিশেষ বার্তা পাঠালেন ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।
ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক হয় বৈভবের। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের সূচনায় সামাজিক মাধ্যমে সূর্যকুমার লিখেছেন, “দলের জন্য আমি ভীষণ খুশি। আমি সব সময়ই ওদের সাফল্য কামনা করি। আমি জানি, ছেলেরা নিজেদের সেরাটা দিচ্ছে এবং ওরা সব সময় আমার পূর্ণ সমর্থন পাবে।”
এর পরেই বৈভবকে উদ্দেশ করে বিশেষ বার্তা দেন ‘স্কাই’। লেখেন, “বৈভবের জন্য বিশেষ কিছু বলতে চাই— তুমি এমন এক যাত্রার শুরুতে দাঁড়িয়ে আছো, যা নিঃসন্দেহে খুবই রোমাঞ্চকর হতে চলেছে। প্রতিটি মুহূর্ত উপভোগ করো এবং দেশকে গর্বিত করে যাও।”
উল্লেখ্য, ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জেতানোর পরও ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব হারান সূর্য। তাঁর পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। ব্যাট হাতে দীর্ঘদিন ধারাবাহিকভাবে রান না পাওয়াই সম্ভবত নির্বাচকদের এই সিদ্ধান্তের অন্যতম কারণ।
এদিকে একই সঙ্গে সামাজিক মাধ্যমে নিজের নামে ছড়িয়ে পড়া একটি ভুয়ো মন্তব্য নিয়েও মুখ খুলেছেন সূর্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, “আমার নামে একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াতে দেখছি, যা সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমি এমন কোনও মন্তব্য করিনি বা অনুমোদনও দিইনি। অনুগ্রহ করে যাচাই না করা তথ্য বিশ্বাস করবেন না বা ছড়িয়ে দেবেন না।”
তিনি আরও যোগ করেন, “ভারতীয় ক্রিকেট, আমার সতীর্থরা এবং এই খেলার প্রতি আমার সমর্থন সব সময়ই সেই ভুয়ো মন্তব্যগুলির চেয়ে অনেক বেশি জোরালোভাবে কথা বলবে।”




