• facebook
  • twitter
  • youtube
Tuesday, 7 July, 2026

তদন্তের সহযোগিতা করছেন না অভিষেক,হাইকোর্টে রাজ্য,কণ্ঠস্বরের নমুনা মামলায় শুনানি কবে?

শুনানিতে রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার দাবি করেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে না

তদন্তের সহযোগিতা করছেন না অভিষেক,হাইকোর্টে রাজ্য,কণ্ঠস্বরের নমুনা মামলায় শুনানি কবে?

Image: IANS

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের  সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিষয়টি উল্লেখ করেন।

শুনানিতে রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার দাবি করেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে না। তাঁর বক্তব্য, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ডাকা হলেও অভিষেক হাজির হচ্ছেন না। এমন পরিস্থিতিতে আদালত অবমাননার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।

এজলাসে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও তদন্তে সহযোগিতা করতে আপত্তি কোথায়? এর জবাবে অভিষেকের আইনজীবীরা বলেন, তাঁদের মূল আপত্তি নিম্ন আদালতের নির্দেশের বৈধতা নিয়ে। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট অডিওতে যে কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তা তিনি অস্বীকার করছেন না। সেই পরিস্থিতিতে নতুন করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা কোথায়, সেই প্রশ্নই আদালতের সামনে তোলা হয়েছে।

অন্যদিকে রাজ্যের দাবি, তদন্তের স্বার্থে ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে কণ্ঠস্বর মিলিয়ে দেখা প্রয়োজন। তাই নমুনা সংগ্রহ অপরিহার্য। আদালতের নির্দেশ অনুসারে তদন্তে সহযোগিতা করাই উচিত বলেও রাজ্যের পক্ষ থেকে জানানো হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানান, আগামী শুক্রবার অতিরিক্ত তালিকায় মামলাটির শুনানি হবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ‘ডিজে বাজবে’ মন্তব্যকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে। নির্বাচন-পরবর্তী সময়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয় এবং পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্তের অংশ হিসেবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানালে বিধাননগর আদালত তাতে অনুমতি দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির আধিকারিকদের মুখোমুখি হননি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য।

তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট কণ্ঠস্বর নিজের বলেই তিনি স্বীকার করেছেন। ফলে পুনরায় নমুনা সংগ্রহের প্রয়োজন নেই। বর্তমানে ওই মামলায় হা কোর্টের তরফে আগামী ৩১ জুলাই পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছে।