• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

নেইমারকে নিয়ে স্বস্তির খবর ব্রাজিল শিবিরে, নরওয়ের বিরুদ্ধে খেলতে সবুজ সংকেত আনসেলোত্তির

নরওয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে প্রস্তুত নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনসেলোত্তি জানিয়ে দিয়েছেন

নেইমারকে নিয়ে স্বস্তির খবর ব্রাজিল শিবিরে, নরওয়ের বিরুদ্ধে খেলতে সবুজ সংকেত আনসেলোত্তির

Photo-X

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল শিবিরে এল বড় স্বস্তির খবর। চোট নিয়ে অনিশ্চয়তা কাটিয়ে নরওয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে প্রস্তুত নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনসেলোত্তি জানিয়ে দিয়েছেন, দলের তারকা ফরোয়ার্ডকে খেলানোর ক্ষেত্রে আর কোনও বাধা নেই।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শারীরিক অস্বস্তির কারণে নেইমারের ফিটনেস নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে দলের চিকিৎসক এবং ফিটনেস ট্রেনারের পর্যবেক্ষণের পর পরিস্থিতি সন্তোষজনক বলেই জানানো হয়েছে। সেই কারণেই নরওয়ের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আনসেলোত্তি।

ব্রাজিল শিবিরের বিশ্বাস, নেইমারের উপস্থিতি আক্রমণভাগে বাড়তি ধার এনে দেবে। অন্যদিকে প্রতিপক্ষ নরওয়ের সবচেয়ে বড় ভরসা গোলমেশিন এরলিং হালান্ড। ফলে দুই তারকার মুখোমুখি লড়াই ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

ব্রাজিলের এক সংবাদসংস্থাকে কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমার এখন ম্যাচ খেলার মতো অবস্থায় রয়েছেন এবং তাঁকে নিয়ে কোনও অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া হচ্ছে না। কোচের মতে, দলের মেডিক্যাল স্টাফ সবুজ সংকেত দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ও এখন খেলতে প্রস্তুত। কতক্ষণ খেলবে, সেটা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারে না। ম্যাচে নিজের সময় এবং খেলার গতি কীভাবে সামলাতে হয়, সেই অভিজ্ঞতা ওর রয়েছে। আমি যখন মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই ওকে মাঠে নামাব।”

এরপর রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচকে প্রশ্ন করা হয়, নেইমার কি পুরো ৯০ মিনিট খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত? উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ। ও ৯০ মিনিটই খেলতে পারবে।”

সম্প্রতি ব্রাজিলের সংবাদ মাধ্যম জানায়, নেইমার দলে তাঁর ভূমিকা নিয়ে খুশি নন। এই নিয়ে প্রশ্ন করা হলে কোচ সে কথা স্বীকার করে নিয়ে বলেন, “ও খুশি নয়, কিন্তু ওর আচরণ অসাধারণ।ও দারুণ অনুশীলন করছে। নেইমার খুবই শ্রদ্ধাশীল, আন্তরিক এবং সতীর্থদের কাছে ভীষণ প্রিয়। দলে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার, কারণ ওর অসাধারণ দক্ষতার পাশাপাশি ও খুবই বিনয়ী মানুষ। আমি ওকে নিয়ে খুবই সন্তুষ্ট। আর অবশ্যই, ও খেলতে চায়—যেমনটা সব সময়ই চেয়েছে।”

নেইমার কি সরাসরি প্রথম একাদশে তাঁকে রাখার দাবি জানিয়েছেন? উত্তরে আনসেলোত্তি বলেন, “ও সরাসরি বলে না, ‘আমি খেলতে চাই।’ তবে ওর সেই ইচ্ছাটা স্পষ্ট। আর সেটাই স্বাভাবিক ও ইতিবাচক বিষয়। কোনও ফুটবলারই বেঞ্চে বসে থেকে খুশি থাকতে পারে না।”

শেষ ষোলোর ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা নরওয়ের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে ব্রাজিল। এরলিং হালান্ডের নেতৃত্বে শক্তিশালী নরওয়ে দলকে হারানো মোটেও সহজ হবে না। টানা সাত ম্যাচ অপরাজিত থেকে এই লড়াইয়ে নামছে সেলিসাওরা। দলের সাফল্যের বড় ভিত্তি হয়ে উঠেছেন দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র।

তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে ব্রাজিলকে নরওয়ের শারীরিক শক্তি এবং তাদের এরিয়াল বলে ভয়ঙ্কর আক্রমণ সামলাতে হবে। একই সঙ্গে ম্যাচের যে পর্যায়েই সুযোগ আসুক না কেন, নেইমারের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তবেই কার্লো আনসেলোত্তির দলের শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে।

ব্রাজিলের লক্ষ্য বিশ্বকাপের পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করা। আর সেই লক্ষ্যে নেইমারের অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে বড় অস্ত্র হিসেবেই দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, হালান্ডকে ঘিরে নরওয়েও আত্মবিশ্বাসী। ফলে দুই তারকার উপস্থিতিতে ম্যাচটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হয়ে উঠতে চলেছে।