• facebook
  • twitter
  • youtube
Thursday, 2 July, 2026

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের চার্জশিট গঠনের অনুমোদন দিল রাজ্য

বুধবার কলকাতার নগর দায়রা আদালতে ইডি জানায়, রাজ্যের অনুমোদন মিলেছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ জুলাই

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের চার্জশিট গঠনের অনুমোদন দিল রাজ্য

Image: ANI

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন পেল ইডি। এতদিন রাজ্য সরকারের অনুমোদন না মেলায় মামলার অগ্রগতি থমকে ছিল। বুধবার কলকাতার নগর দায়রা আদালতে ইডি জানায়, রাজ্যের অনুমোদন মিলেছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ জুলাই।

ইডির তদন্তে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রথম চার্জশিটে তাঁকে অভিযুক্ত করা হয়। তবে সরকারি দায়িত্বে থাকা কোনও ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন প্রয়োজন। সন্দীপের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের অনুমতি আবশ্যক ছিল। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে সেই অনুমোদন দেওয়া হয়নি। সরকার পরিবর্তনের পর অবশেষে অনুমতি মেলায় বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার পথ প্রশস্ত হল।

ইডির চার্জশিটে সন্দীপ ঘোষের পাশাপাশি দুই ব্যবসায়ী বিপ্লব সিং ও সুমন হাজরার নামও রয়েছে। তাঁরা হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে একই ঘটনায় সিবিআইও পৃথক চার্জশিট জমা দিয়েছিল।তদন্তকারী সংস্থার অভিযোগ, আরজি কর হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের নামে দেওয়া অর্থ পরিকল্পিতভাবে অন্য অ্যাকাউন্টে সরিয়ে আত্মসাৎ করা হয়েছে।

ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে চেক ইস্যু করা, বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে টাকা স্থানান্তর এবং পরে সেই অর্থ তুলে নেওয়ার মাধ্যমে দুর্নীতির প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল। ইডির দাবি, এই আর্থিক অনিয়মে সন্দীপ ঘোষের সক্রিয় ভূমিকা ছিল। সরকারি অনুমোদন পাওয়ার ফলে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন ও মামলার বিচার দ্রুত এগোবে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।