সিন্ধু জলবন্টন চুক্তি ঘিরে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন আরও জোরালো হচ্ছে। পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে ভারত চুক্তিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে ইসলামাবাদ। এবার সেই ইস্যুতেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস্ পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সরাসরি ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন। একই সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার দাবি করেছেন, সিন্ধু জলচুক্তি এখনও পুরোপুরি বৈধ, বাধ্যতামূলক এবং কার্যকর রয়েছে।
ইসলামাবাদে সিন্ধু জলচুক্তি নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে মঙ্গলবার বক্তৃতা করতে গিয়ে বিলাওয়াল বলেন, পাকিস্তান কখনও সিন্ধু নদীর উপর নিজেদের অধিকার ছেড়ে দেবে না। তাঁর দাবি, সিন্ধু, পাঞ্জাব, বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া, কাশ্মীর কিংবা গিলগিট-বালতিস্তানের মানুষ নিজেদের অধিকারের প্রশ্নে কোনওভাবেই আপস করবে না।
তিনি দাবি করেন, পাকিস্তানের জলপ্রাপ্তির অধিকার খর্ব করার বা দেশের জলপথ অবরুদ্ধ করার যে কোনও প্রচেষ্টার কড়া জবাব দেওয়া হবে। তাঁর বক্তব্য, বিষয়টি শুধু কূটনৈতিক নয়, জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। প্রয়োজনে পাকিস্তান কঠোর পদক্ষেপ করতেও পিছপা হবে না বলে ইঙ্গিত দেন তিনি। তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি, সম্মান ও আলোচনার পথে সমস্যার সমাধান করতে চায়, আত্মসমর্পণ নয়।
একই অনুষ্ঠানে ইশাক দার বলেন, ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় হওয়া সিন্ধু জলবন্টন চুক্তি এখনও আইনগতভাবে কার্যকর। কোনও দেশ একতরফাভাবে তা স্থগিত রাখতে পারে না বলেও তাঁর দাবি। দক্ষিণ এশিয়ায় শান্তি, সহযোগিতা ও স্থিতিশীলতার অন্যতম ভিত্তি এই চুক্তি। বিলাওয়ালও বলেন, এই চুক্তি পাকিস্তানের প্রতি কোনও দয়া ছিল না, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সমঝোতা।
উল্লেখ্য, ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, পূর্ব দিকের শতদ্রু,বিপাশা, ও ইরাবতী নদীর জল ব্যবহারের অধিকার ভারতের। অন্যদিকে পশ্চিম দিকের সিন্ধু, চন্দ্রভাগা ও বিতস্তা নদীর জলে পাকিস্তানেরও অধিকার রয়েছে। তবে পহেলগাম হামলার পর ভারত চুক্তি স্থগিত করে জানিয়ে দেয় , সন্ত্রাসবাদ চলতে থাকলে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।
প্রথানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ‘রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না।’ দিল্লির বক্তব্য, দীর্ঘদিন ধরে সীমান্তপারের সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ভারতের আস্থা ভেঙে দিয়েছে। অন্যদিকে পাকিস্তান এখনও চুক্তি পুনর্বহালের দাবিতে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।




