দল আগেই ভেঙেছে। তার উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে গিয়েছে। এই নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, বিচার্য মামলার তালিকা যা আছে সেই অনুযায়ীই শুনানি হবে। মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয়। মঙ্গলবার এই কথাই জানিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আবার এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে কেন্দ্র। কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহেতা বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, ওই মামলার শুনানিতে তিনি নিজে অংশ নিতে চান।
এদিকে তৃণমূল কংগ্রেস এখন দু’ভাগে বিভক্ত। এক, কালীঘাট তৃণমূল। দুই, ঋতব্রত গোষ্ঠী। আর ব্যাঙ্ক অ্যকাউন্ট নিয়ে চিঠি দিয়ে ফ্রিজ করার আবেদন করেছিলেন অরূপ বিশ্বাস। তারপরই এমন ঘটনা ঘটেছে। এই নিয়ে থানাতেও অভিযোগ জানান ঋতব্রত তৃণমূল। আর তারপরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে কালীঘাট তৃণমূল। এই আবহে দলের তহবিল কোন পক্ষের হাতে থাকবে সেটা নিয়ে জোড়াফুলের দুই শিবিরের মধ্যে সংঘাত চরমে উঠেছে। বিষয়টির নিষ্পত্তি চেয়ে ‘ফ্রিজ’ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্রুত শুনানির আর্জি জানান কালীঘাট তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। সেই আর্জি ফিরিয়ে দিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘বিচার্য মামলার তালিকা অনুযায়ীই শুনানি হবে। মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয়।’
অন্যদিকে সোমবার তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার দাবিতে মামলার শুনানির আবেদন করা হয়েছিল। আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে সেইদিনই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছিলেন। যদিও কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, সব পক্ষকে নোটিস দেওয়ার পরে সোমবার বা মঙ্গলবার শুনানি করা হতে পারে। তবে সূত্রের খবর, কেন্দ্রের সলিসিটার জেনারেলের আবেদনে শুনানি পিছিয়ে গেল।
তাছাড়া রাজ্য সরকারের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি করার আর্জি জানান সলিসিটর জেনারেল। এখানেই শেষ নয়, এই মামলায় আইনি লড়াই করার জন্য সিনিয়র আইনজীবী কে পরমেশ্বরকে নিয়োগ করেছে ঋতব্রত শিবির। তিনটি অ্যাকাউন্টে জমা থাকা তৃণমূলের ৪৪০ কোটি টাকা আপাতত ফ্রিজ হয়ে রয়েছে। ওই তিনটি অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন ততক্ষণ করা যাবে না, যতদিন তা ফ্রিজ করা থাকবে।




