পুরুলিয়া শহরে যানজট নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ কার্যকর করল জেলা পুলিশ। মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই টোটো চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে। শহরের বিভিন্ন রুটে ওয়ান ওয়ে ব্যবস্থা চালুর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলের সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোন সময়ে কোন দিক থেকে টোটো চলাচল করা যাবে, তাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পুলিশের নির্দেশিকায়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারও শুরু করেছে পুলিশ।
জেলা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯টা থেকে পুরুলিয়া শহরে টোটো চলাচল সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমা্ত্র ভিক্টোরিয়া স্কুল মোড়ের দিক থেকেই টোটো চলাচল করতে পারবে। এই সময় পোস্ট অফিস মোড় থেকে ভিক্টোরিয়া স্কুল মোড়ের দিকে কোনও টোটো যেতে পারবে না।
পোস্ট অফিস মোড় থেকে ভিক্টোরিয়া স্কুল মোড়ের দিকে যেতে হলে টোটোচালকদের বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে বড় মসজিদ গলি, এসবিআই ব্যাঙ্ক মোড়, কোর্ট মোড়, রেজিস্ট্রি অফিস মোড়, পেট্রোল পাম্প মোড় হয়ে ফরেস্ট অফিস সংলগ্ন বাসস্ট্যান্ডের পাশ দিয়ে ভিক্টোরিয়া স্কুল মোড়ে পৌঁছনো যাবে।
এছাড়াও অন্য বিকল্প রাস্তা ব্যবহার করা যেতে পারে। তবে মূল সড়কে ওঠার ক্ষেত্রে পুলিশের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, পিএনবি ব্যাঙ্ক মোড় থেকে পুলিশ অফিস মোড়ের দিকে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। একইভাবে কোর্ট মোড় এবং রেজিস্ট্রি অফিস মোড় থেকে ডিএম অফিসমুখী রাস্তায় টোটো চালানোর অনুমতি থাকবে না।
জেলা পুলিশের নির্দেশে রেজিস্ট্রি অফিস মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে ইউনিয়ন ক্লাব মোড় পর্যন্ত টোটো চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ফরেস্ট অফিস সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে ময়ূর হোটেল এবং এসবিএসটিসি বাসস্ট্যান্ডের দিকেও টোটো চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, শহরকে যানজটমুক্ত করা এবং অনিয়ন্ত্রিত টোটো চলাচলে লাগাম টানতেই এই পদক্ষেপ করা হয়েছে। তাঁর কথায় আগামী দিনেও পরিস্থিতি পর্যালোচনা করে আরও কয়েকটি ব্যবস্থা নেওয়া হতে পারে।




