• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগে অধিনায়কের যৌন কেলেঙ্কারি বিতর্কে তোলপার কেপ ভার্দে শিবির

২০ জুন তাঁরা অভিযোগ জানানোর জন্য ব্যবহৃত ফিফার ‘সেফগার্ডিং’ ফর্ম-ও পূরণ করেন। তবে তাঁদের দাবি, এখনও পর্যন্ত ফিফার তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগে অধিনায়কের যৌন কেলেঙ্কারি বিতর্কে তোলপার কেপ ভার্দে শিবির

কয়েক দিন আগেই বিশ্বকাপ ফুটবলে ইতিহাস সৃষ্টি করেছে তারা। এই প্রথম বিশ্বকাপের নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে কেপ ভার্দের ফুটবল-বাহিনী। সামনেই আর্জেন্টিনার বিরুদ্ধে কঠিন লড়াই তাদের। এরকম সময়ে কেপ ভার্দের অধিনায়ককে নিয়ে উঠল বিতর্কের ঝড়। যে সে বিতর্ক নয়, একেবারে যৌন কেলেঙ্কারির অভিযোগ, যা নিয়ে তোলপাড় বিশ্বকাপের আসর।

কেপ ভার্দের অধিনায়ক ও ফরোয়ার্ড রায়ান মেন্ডেস-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক ব্রাজিলীয় মহিলা। এই অভিযোগের তদন্ত করছে নিউজিল্যান্ড পুলিশ।

অভিযোগ অনুযায়ী, ঘটনাটি মার্চ মাসের। সে সময় ওশেনিয়ায় ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে কেপ ভার্দে জাতীয় দল যে হোটেলে ছিল, অভিযোগ, সেখানেই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ১০ এপ্রিল থেকে তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ।

এমন কিছু ছবি পাওয়া গিয়েছে, যেখানে অভিযোগকারীর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়াও পুলিশের কাছে দায়ের করা অভিযোগপত্র, মেডিক্যাল রিপোর্ট, ফরেনসিক পরীক্ষার নথি, এমনকী মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসাসংক্রান্ত নথিও পেশ করা হয়েছে।
যিনি এই অভিযোগ করেছেন, সেই ব্রাজিলীয় মহিলাকে কেপ ভার্দে দলের জন্য দোভাষী হিসেবে নিয়োগ করেছিল নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন। কারণ, কেপ ভার্দের সরকারি ভাষা পর্তুগিজ।

তিনি পুলিশকে জানান, চিলির বিরুদ্ধে কেপ ভার্দের ম্যাচ শেষ হওয়ার পর তাঁকে একটি হোটেলের ঘরে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। তিনি সেখানে যান। কারণ, তাঁর ধারণা ছিল সেখানে তাঁকে দোভাষীর দায়িত্ব পালন করতে হবে।

কিন্তু সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, সেটি আসলে একটি আড্ডার আসর। অসুস্থ বোধ করায় তিনি নিজের কক্ষে ফিরে যান। তাঁর দাবি, কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ শুনে তিনি দরজা খোলেন। তিনি ভেবেছিলেন, কাজের প্রয়োজনে তাঁকে আবার ডাকা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঠিক সেই সময়ই রায়ান মেন্ডেস জোর করে তাঁর ঘরে ঢুকে পড়েন। অভিযোগকারীর দাবি, তিনি আত্মরক্ষার চেষ্টা করলে মেন্ডেস তাঁর গলা চেপে ধরেন, ঘুষি মারেন, কামড়ে দেন এবং পরে তাঁকে ধর্ষণ করেন।

ঘটনার পর ওই ব্রাজিলীয় মহিলা নিজের শরীরের আঘাতের চিহ্নের ছবি তোলেন। ছবিগুলিতে ঠোঁট কেটে যাওয়া, গলায়, পায়ে এবং শরীরের পাশের অংশে কালশিটে দাগ দেখা যায়। তবে অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে তাঁকে শনাক্ত করা যায় এমন ছবি প্রকাশ করা হয়নি।
সেখানকার একটি ক্লিনিকে তাঁর চিকিৎসা হয় এবং সেখানে তাঁর ফরেনসিক পরীক্ষাও করা হয়। মেডিক্যাল রিপোর্টে স্তন, গলা এবং ঠোঁটে একাধিক কালশিটে দাগের পাশাপাশি মাথার ত্বক ও নিতম্বের কিছু অংশে ব্যথা ও সংবেদনশীলতার উল্লেখ রয়েছে।

ক্লিনিক থেকে চিকিৎসা ও মানসিক সহায়তা পাওয়ার পর, ওই ব্রাজিলীয় মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং থানাতেও তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়। তাঁর দাবি, তিনি কেপ ভার্দে ফুটবল ফেডারেশন-এর কাছেও সহায়তা চেয়েছিলেন, কিন্তু সেখান থেকে কোনও সাহায্য পাননি।

পরে ওই মহিলা এবং তাঁর স্বামী কেপ ভার্দে ফুটবল ফেডারেশন ও ফিফা-র কাছে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস পাঠান। সেখানে ঘটনার বিবরণ, প্রমাণ এবং শাস্তি হিসেবে রায়ান মেন্ডেসকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
এছাড়া, ২০ জুন তাঁরা অভিযোগ জানানোর জন্য ব্যবহৃত ফিফার ‘সেফগার্ডিং’ ফর্ম-ও পূরণ করেন। তবে তাঁদের দাবি, এখনও পর্যন্ত ফিফার তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।

এই বিতর্কের মধ্যেই বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে কেপ ভার্দে। বিশ্বকাপে দলের ঐতিহাসিক যাত্রার মাঝেই এই গুরুতর অভিযোগ গোটা ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে।