• facebook
  • twitter
  • youtube
Monday, 29 June, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের পাশে নেইমার, ২.৫ লক্ষ মার্কিন ডলার অনুদান ব্রাজিল তারকার

বহু মানুষ এখনও নিখোঁজ। আফটার শকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, পাশাপাশি ভারী যন্ত্রপাতির অভাবও উদ্ধার অভিযানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের পাশে নেইমার, ২.৫ লক্ষ মার্কিন ডলার অনুদান ব্রাজিল তারকার

ব্রাজিলের জার্সি গায়ে প্রায় তিন বছর পর মাঠে ফিরে দেশের মানুষের মন জয় করেছেন তিনি। এ বার আরও এক কারণে সারা বিশ্বের মানুষের মন জয় করলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তিনি যে বড় ফুটবলার, তা প্রমাণ করেছেন অনেক দিন আগেই। চলতি বিশ্বকাপে চোটের জন্য ম্যাচে নামতে পারছেন না তিনি। তবে এ বার তিনি প্রমাণ করলেন, মানুষের বিপদের সময় কতটা মানবিক হয়ে উঠতে পারেন।

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়ালেন নেইমার। সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধারকাজ ও মানবিক ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য তিনি আড়াই লক্ষ মার্কিন ডলার (প্রায় ২.১ কোটি টাকা) অনুদান দিয়েছেন।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অর্থ জরুরি ত্রাণের প্রকল্পে ব্যবহার করা হবে। দুর্গত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতেই মূলত এই অনুদান ব্যয় করা হবে।

গত সপ্তাহে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংস হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ১,৪৩০ জনের মৃত্যু হয়েছে এবং তিন হাজারের ওপর মানুষ আহত হয়েছেন। বহু মানুষ এখনও নিখোঁজ। আফটার শকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, পাশাপাশি ভারী যন্ত্রপাতির অভাবও উদ্ধার অভিযানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

নেইমারের এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এর আগেও বিভিন্ন দুর্যোগের সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবারও ভেনেজুয়েলার সংকটময় পরিস্থিতিতে তাঁর এই আর্থিক সহায়তা দুর্গতদের জন্য বড় স্বস্তি এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ব্রাজিল সোমবারই বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে খেলতে নামছে। চোট সারিয়ে নেইমারও ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন এবং শিগগিরই মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে নেমেছিলেন ৩৪ বছর বয়সি এই তারকা। এবার তিনি আরও বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছেন জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তি।