• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ, বন্ধ বাস পরিষেবা, চরম দুর্ভোগে হাওড়ার নিত্যযাত্রীরা

বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গিয়েছে দানেশ শেখ লেন-নিউটাউনগামী ৪২ নম্বর রুটের বাস পরিষেবা। বিপাকে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী।

ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ, বন্ধ বাস পরিষেবা, চরম দুর্ভোগে হাওড়ার নিত্যযাত্রীরা

হাওড়ায় বিভিন্ন রুটে বেশ কিছুদিন ধরেই বাস ও অটো ভাড়া নিয়ে চরম সঙ্কট চলছে। দীর্ঘদিন ধরে বাস ও অটোর সরকারি ভাড়ার কাঠামো অপরিবর্তিত থাকায় সমস্যায় পড়েছেন পরিবহন মালিক ও কর্মীরা। অন্যদিকে সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন রুটে ভাড়া বৃদ্ধির অভিযোগে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, প্রায় প্রতিদিনই যাত্রী ও পরিবহন কর্মীদের মধ্যে বচসা ও অশান্তির ঘটনা ঘটছে।

এরই মধ্যে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গিয়েছে দানেশ শেখ লেন-নিউটাউনগামী ৪২ নম্বর রুটের বাস পরিষেবা। প্রায় ৩০টি বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী। পরিবহন কর্মীদের অভিযোগ, বহু বছর ধরে বাস ও অটোর ভাড়া বৃদ্ধি না হলেও ডিজেল, পেট্রোল, সিএনজি, যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের খরচ বহু গুণ বেড়েছে। কিন্তু পূর্বতন তৃণমূল সরকার ভাড়া বাড়ায়নি। নতুন সরকার ক্ষমতায় আসার পর এখনও ভাড়াবৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। এই অবস্থায় রাস্তায় বাস নামানো সম্ভব নয়। সে কারণেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে নিত্যযাত্রীরা অভিযোগ করেছেন, হাওড়ার একাধিক রুটে নিজেদের উদ্যোগে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। হাওড়া স্টেশন থেকে ৩৭ নম্বর রুটের বাসে ন্যূনতম ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে। একইভাবে বিভিন্ন অটো রুটেও ৩ থেকে ৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সালকিয়া-বেলগাছিয়া রুটে আগে ১০ টাকা ভাড়া নেওয়া হলেও বর্তমানে নেওয়া হচ্ছে ১৩ টাকা। যাত্রীদের অভিযোগ, এই ভাড়া বৃদ্ধির পক্ষে কোনও সরকারি নির্দেশিকা বা অনুমোদিত ভাড়ার তালিকা দেখানো হচ্ছে না। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। বাস ও অটোর মালিকদের দাবি, দ্রুত সরকারি ভাড়ার পুনর্নির্ধারণ না হলে সঙ্কট আরও বাড়বে এবং তাঁদের পক্ষে পরিষেবা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে।