রাজ্যের বাজেট অধিবেশনের শেষ দিন সোমবার। ওই দিনই কি বিধানসভায় পেশ হতে চলেছে বহুচর্চিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল? এই প্রশ্ন ঘিরে এখন জোর জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত ইউসিসি নিয়ে নির্দিষ্ট করে কোনও ঘোষণা করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার পারদ চড়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিধানসভায় চারটি গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা। যার মধ্যে রয়েছে অনগ্রসর শ্রেণি কমিশন সংশোধনী বিল, তোলাবাজি ও গুন্ডা দমন সংক্রান্ত দু’টি বিল এবং ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। তবে এই তালিকায় অভিন্ন দেওয়ানি বিধি বিলের কোনও উল্লেখ নেই। ফলে শেষ মুহূর্তে এই বিল আনা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইউসিসি-র পক্ষে জোরালো সওয়াল করেন। পরে একটি দলীয় কর্মসূচিতেও তিনি একই কথা বলেন। এরপরই বিজেপির পরিষদীয় দল সম্ভাব্য বিল পেশের প্রস্তুতি শুরু করে দেয়। এমনকী, বিলটি নিয়ে আলোচনার জন্য এক ঘণ্টা সময়ও নির্ধারণ করা হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, বিধানসভা সচিবালয়ের একাংশের দাবি, কার্য উপদেষ্টা কমিটির তৈরি সূচিতে ইউসিসি বিলের কোনও উল্লেখ নেই। বিধানসভার নিয়ম অনুযায়ী কোনও বিল পেশ করার আগে তার বিজ্ঞপ্তি জারি করতে হয় এবং বিলের কপি সব সদস্যের হাতে পৌঁছে দিতে হয়। এখনও পর্যন্ত সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সোমবার সকালে বিজ্ঞপ্তি জারি করে দুপুরের বিরতির পর কার্যবিবরণী কমিটির বৈঠকের মাধ্যমে দ্বিতীয়ার্ধে বিলটি পেশ করার পথ এখনও খোলা রয়েছে।
বিরোধী দলগুলি অবশ্য ইউসিসি বিলের বিরোধিতায় সরব। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী তৃণমূল, কালীঘাট তৃণমূল, আমজনতা উন্নয়ন পার্টি, সিপিএম, আইএসএফ এবং কংগ্রেসের বিধায়করা এই বিলের বিরোধিতায় সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে শেষ পর্যন্ত সরকার সোমবারই বিলটি আনবে, নাকি আগামী ৭ জুলাই থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে তা পেশ করা হবে, তার উত্তর মিলবে সোমবারের বিধানসভা অধিবেশনেই।




