রাজ্যের উন্নয়ন করতে হবে। গ্রামীণ মানুষজনকে কাজ দিতে হবে। আর্থিক অবস্থার বদল ঘটাতে হবে। এই কথাগুলি আগেই জানিয়েছিলেন বিজেপির নেতা-মন্ত্রীরা। এবার সেগুলি বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। সেই কাজ করতেই রবিবার রাতে নয়াদিল্লি যাচ্ছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি বলেই সূত্রের খবর।
এদিকে রাজ্য বাজেট পেশ হয়ে গিয়েছে বিধানসভায়। সেখানে একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। রাজ্যের মানুষের সামাজিক, আর্থিক অবস্থা বদলাতে নানা উদ্যোগের কথা বলা হয়েছে। সেগুলি কার্যকর করতে গেলে কেন্দ্রের সাহায্য প্রয়োজন। এই আবহে সরকারি সূত্রে খবর, সোমবার দিলীপ ঘোষ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। শুধু তাই নয়, গ্রামীণ মানুষও অপেক্ষা করছেন রাজ্যের মন্ত্রী বাংলার জন্য কী কী নিয়ে আসেন।
অন্যদিকে ইতিমধ্যেই বেশ কিছু জেলায় শুরু হয়ে গিয়েছে ভিবি-জি রাম জি প্রকল্প। তবে সব জেলায় তা চালু হয়নি। সেসব বিষয় নিয়েও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী কথা বলবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর, আগামী ১ জুলাই থেকে সারা দেশে চালু হতে চলা ভিবি-জি রাম জি প্রকল্পের বাস্তবায়ন নিয়েই মূলত আলোচনা হবে ওই বৈঠকে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গ্রামীণ উন্নয়নের নানা দিককে আরও মজবুত করার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পটির মাধ্যমে গ্রামাঞ্চলে পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিষেবা ব্যবস্থার উন্নতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তাছাড়া রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে কেন্দ্রীয় নির্দেশিকা, অর্থ বরাদ্দের কাঠামো এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনও কিছু কাজ বাকি রয়েছে। সেগুলি সম্পূর্ণ করতেই নয়াদিল্লি এসে বৈঠকে যোগ দেবেন দিলীপ ঘোষ। তাই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই বৈঠক শুধুমাত্র প্রশাসনিক আলোচনায় সীমাবদ্ধ থাকবে না। সেটা কেন্দ্র-রাজ্য সম্পর্কের দিক থেকেও তা তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে অনেকের মত। গ্রামীণ উন্নয়ন নিয়ে নানা প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন অনেকটাই নির্ভর করে কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সমন্বয়ের উপর। তাই সবদিক থেকে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।




