ভেনেজুয়েলার পরে এবার পাকিস্তান। শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভারতে কম্পনের কোনও প্রভাব পড়েনি বলে জানা গিয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে। ভূমিকম্পের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। ভূমিকম্পের সময়ে স্থানীয় মানুষেরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। তবে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে পাকিস্তানে ভূমিকম্পের পরে আফটারশক নিয়ে বেশ সতর্ক স্থানীয় প্রশাসন। তারা সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছে। স্থানীয় প্রশাসন ভূমিকম্পের পরে বিভিন্ন অঞ্চল ঘুরে দেখছে। তবে কর্তৃপক্ষ কোনও জরুরি পরিস্থিতি এখনও পর্যন্ত ঘোষণা করেনি।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় প্রথমে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপরে মাত্র ৩৯ সেকেন্ড পরে দ্বিতীয়বার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। সে সময়ে কম্পনের মাত্রা ছিল ৭.৫। পরপর দু’বার কম্পনের পরেও থামেনি। জোড়া ভূমিকম্পের পরে অন্তত ২০ বার কেঁপেছে রাজধানী কারাকাস ও আশেপাশের এলাকা।
ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই ভেনেজুয়েলায় ভূমিকম্পে এখনও পর্যন্ত ৯২০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নীচে এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ আটকে থাকতে পারেন। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।
শুক্রবার ভেনেজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, এখনও পর্যন্ত দু’হাজার ৯৮০ জন মানুষ জখম হয়েছেন। হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের যাতে দ্রুত উদ্ধার করা যায়, সেই জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছিল। সেই ওয়েবসাইটে ৫০ হাজার ব্যক্তিকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।




