• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

তারাতলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, প্রকাশ্যে গুদামের নকশার নথি

সেই নথিতে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি পুর কমিশনার এবং নির্মাণ বিভাগের ডিরেক্টরেরও স্বাক্ষর রয়েছে

তারাতলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, প্রকাশ্যে গুদামের নকশার নথি

ছবি: বিশ্বজিৎ ঘোষাল

তারাতলায় ভেঙে পড়া গুদামের নকশায় ভুল থাকলেও পুরসভা থেকে যে নথি প্রকাশ করা হয়েছিল তাতে ভুল নেই বলে উল্লেখ করা হয়েছিল। নির্মাণে কোনও অনিয়ম হয়নি এবং নির্মাণকাজে পুরসভার তরফে ছাড়পত্রও দেওয়া হয়েছিল। সেই নথিতে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি পুর কমিশনার এবং নির্মাণ বিভাগের ডিরেক্টরেরও স্বাক্ষর রয়েছে। নথির একদম শেষে লেখা রয়েছে, ‘বহুতল তৈরিতে কোনও অনিয়ম হচ্ছে না।‘

তবে তদন্তে উঠে আসছে গুদামের নকশাতেই একাধিক ত্রুটি ছিল। এদিকে শুক্রবার সকাল পর্যন্ত তারাতলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ধ্বংসস্তূপে এখনও উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ,দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(এনডিআরএফ) এবং সেনাবাহিনী। ভারী লোহার বিম সরাতে রেলের সাহায্যে অক্সি-কাটার ও হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ছবি: বিশ্বজিৎ ঘোষাল

নিহতদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বিহার এবং ঝাড়খণ্ডের বাসিন্দারা। এখনও দুজন মৃতের পরিচয় জানা যায়নি। এছাড়া আহত ১৯ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন

ছবি: বিশ্বজিৎ ঘোষাল

তদন্তে জানা গিয়েছে, চারতলা গুদাম নির্মাণের জন্য আবেদন করেছিলেন বেহারা ব্রাদার্স-এর মালিক শম্ভুনাথ বেহরা। কলকাতা বন্দর কর্তৃপক্ষের ৩০ বছরের নিজে লেওয়া জমিতে এই নির্মাণকাজ চলছিল। সংস্থাটি মূলত চা-পাতা সংরক্ষণ ও প্যাকেজিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল।

ছবি: বিশ্বজিৎ ঘোষাল

বিধানসভায় পুরসভার নথি দেখিয়ে প্রাক্তন মেয়র ও তৎকালীন ওসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কালীচরণের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।এরপরই পুলিশ কালীচরণকে আটক করে এবং পরে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তকারীরা নির্মাণের অনুমোদন প্রক্রিয়া, নকশা যাচাই এবং প্রশাসনিক দায়িত্বে কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন।