ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর ও দুঃসংবাদ দুইই দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তি। প্রথমে, ভাল খবরটাই দেওয়া যাক। চোট সারিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেন নেইমার। আর দুঃসংবাদটা হল, তাঁকে খেলানো হবে কি না, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। সেই সিদ্ধান্ত হবে ম্যাচের আগে। দু’টি খবরই দিয়েছেন আনসেলোত্তি। ভারতীয় সময়ে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটেয় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। তার আগে সাংবাদিক সম্মেলনে আনসেলোত্তি জানিয়েছেন, নেইমার এখন অনেকটাই সুস্থ এবং দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন। তবে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নেওয়া যাবে না।
ব্রাজিলের কোচ বলেন, ‘নেইমারকে পাওয়া যাবে। ও ভালোভাবে অনুশীলন করেছে এবং ওর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। আমরা খুব যে ও আবার দলের সঙ্গেই আছে।” তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শুরুর একাদশে নেইমার থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।এই প্রসঙ্গে তিনি বলেন, আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আমরা নেইমারের অনুভূতি, দলের চিকিৎসকদের মতামত এবং ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’
বিশ্বকাপের শুরু থেকেই নেইমারের ফিটনেস নিয়ে উদ্বেগ ছিল। চোটের কারণে তিনি দলের প্রথম দুই ম্যাচে পুরোপুরি ছন্দে ছিলেন না। ফলে স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করতে পারে। আনসেলোত্তি অবশ্য শুধু নেইমারের উপর নির্ভর করতে রাজি নন। তিনি বলেন, ‘আমাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে। নেইমার গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ভাববেন না যে, দল কোনও একজন ফুটবলারের উপর নির্ভরশীল, তা একেবারেই নয়।’এদিকে স্কটল্যান্ডকে নিয়ে যথেষ্ট সতর্ক ব্রাজিল শিবির। আনসেলোত্তি প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, ‘স্কটল্যান্ড খুবই সংগঠিত একটি দল। ওরা কঠোর পরিশ্রম করে এবং প্রতিপক্ষের জন্য ম্যাচকে কঠিন করে তুলতে জানে। আমাদের সেরাটাই দিতে হবে।’
নেইমার নিজেও অনুশীলনে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলেই জানা গিয়েছে। ব্রাজিল শিবিরের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তারকা ফরোয়ার্ড মাঠে নামতে মুখিয়ে আছেন এবং বিশ্বকাপের নকআউট পর্বের আগে নিজের সেরা ছন্দ ফিরে পেতে চান।ব্রাজিল ইতিমধ্যেই নকআউট পর্বের দোরগোড়ায় পৌঁছে গেছে। তবে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে স্কটল্যান্ড ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।
সেই কারণেই নেইমারকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে পারেন আনসেলোত্তি। বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়দের সুস্থ রাখা। যদি নেইমার খেলার জন্য একশো ভাগ প্রস্তুত থাকে, তাহলে সে খেলবে। যদি সামান্যও ঝুঁকি থাকে, তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেব।’
এখন দেখার, বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের জার্সিতে নেইমারকে ফের মাঠে নামতে দেখা যায় কি না। সমর্থকদের আশা, দলের অন্যতম বড় তারকা ফিরে এলে ব্রাজিলের খেতাব জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠবে।




