• facebook
  • twitter
  • youtube
Tuesday, 23 June, 2026

আইপিএলে বড় অদলবদল! দিল্লিতে ফিরছেন ঋষভ পন্থ, লখনউয়ে কুলদীপ যাদব

পন্থ ফিরছেন তাঁর পুরনো দল দিল্লি ক্যাপিটালসে এবং ভারতের তারকা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব যোগ দিচ্ছেন লখনৌ সুপার জায়ান্টস শিবিরে

আইপিএল ২০২৭-এর আগে বড়সড় খেলোয়াড় অদলবদলের সাক্ষী হতে চলেছে ভারতীয় ক্রিকেট। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একে অপরের দলে যোগ দিচ্ছেন ঋষভ পন্থ এবং কুলদীপ যাদব। এই চুক্তির ফলে পন্থ ফিরছেন তাঁর পুরনো দল দিল্লি ক্যাপিটালসে এবং ভারতের তারকা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব যোগ দিচ্ছেন লখনৌ সুপার জায়ান্টস শিবিরে।

ঋষভ পন্থের জন্য এটি এক অর্থে ‘ঘরে ফেরা’। ২০১৬-য় দিল্লির জার্সিতেই আইপিএল যাত্রা শুরু করেছিলেন তিনি এবং পরে দলের অধিনায়কও হয়েছিলেন। কিন্তু ২০২৫-এর মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। তবে দুই মরশুমে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি ঋষভ।

এই অদলবদলে ঋষভকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যে দিল্লি ক্যাপিটালস দলে নেবে। অর্থাৎ লখনৌয়ে তাঁর ২৭ কোটির চুক্তির তুলনায় উল্লেখযোগ্য অঙ্কের পারিশ্রমিক কমাতে হচ্ছে ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকে। অন্যদিকে, কুলদীপ যাদব তাঁর বর্তমান চুক্তির অঙ্কেই লখনৌ শিবিরে যোগ দেবেন।

দিল্লি ক্যাপিটালসের দৃষ্টিকোণ থেকে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলের অন্যতম জনপ্রিয় মুখ এবং প্রাক্তন অধিনায়ককে ফিরিয়ে এনে তারা নতুন করে দল গঠনের পরিকল্পনা করছে। একই সঙ্গে লখনৌ তাদের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে কুলদীপের মতো ম্যাচউইনারকে দলে নিচ্ছে।

তবে চুক্তিটি এখনও ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দুই ফ্র্যাঞ্চাইজি অদলবদলের যাবতীয় প্রক্রিয়া চূড়ান্ত করার পর সেটি বোর্ডের অনুমোদনের জন্য পাঠাবে। অনুমোদন মিললেই আইপিএল ইতিহাসের অন্যতম আলোচিত এই দ্বিপাক্ষিক চুক্তি কার্যকরী হবে।

এই অদলবদলের ফলে আইপিএল ২০২৭-এ নতুন রূপে দেখা যাবে দুই দলকেই। একদিকে দিল্লির সমর্থকেরা নিজেদের প্রিয় ‘পন্থ’-কে ফিরে পেতে চলেছেন। অন্যদিকে, লখনৌ আশা করবে কুলদীপের জাদুকরী স্পিন তাদের আইপিএল-জয়ের স্বপ্ন পূরণে বড় ভূমিকা নেবে।