নির্বাচনী প্রচারে বিজেপি বারবার বলেছিল নারী ক্ষমতায়ণ ও নিরাপত্তায় কাজ করবে তারা ক্ষমতায় এলে। রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এবার সেটারই প্রতিফলন দেখা গেল। নারী সুরক্ষা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায় সহায়তা-সহ একাধিক ক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে যেতেই রাজ্য বাজেটে বিপুল বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
সোমবার রাজ্য বাজেটে উল্লেখ করা হয়, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের জন্য চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি অর্থবর্ষে এই খাতে বরাদ্দ করা হয়েছে ৩৬ হাজার কোটি টাকা। বিধবাদের মাসিক ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। আশাকর্মীদের বেতন ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। পরিবহণে সরকারি বাসে ফ্রি বাসে সফর করার পরিষেবা শুরু করা হয়েছে। তার জন্য চলতি বছরে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিকে অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা প্রকল্পের সঙ্গে অতিরিক্ত সুবিধা মিলিয়ে মোট ২১ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। গর্ভবতী মায়েদের ৬টি পুষ্টি কিট দেওয়া হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পরিবারপিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা থাকছে। বাড়ানো হয়েছে হাসপাতালের খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ। এতে খাবারের মান বাড়বে। প্রত্যেকটা স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন করা হবে।
অন্যদিকে উচ্চশিক্ষায় মেয়েদের হার বাড়াতে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য চলতি বছরে ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারি সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। তৈরি করা হবে মহিলা পুলিশকর্মীদের নিয়ে বিশেষ স্কোয়াড। মাতঙ্গিনী ও রানি শিরোমণির নামে দু’টি মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। রাজ্যের প্রত্যেকটি মহকুমায় কম করে একটি মহিলা পরিচালিত থানা তৈরি করা হবে।
তাছাড়া মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্লাউড কিচেনের জন্য নতুন নীতি আনার কথা জানিয়েছে রাজ্য সরকার। ২ লক্ষ যুবক-যুবতীকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। তার মধ্যে ৫ লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে এবং বাকি ৫ লক্ষ টাকা মিলবে সুদমুক্ত ঋণ হিসেবে।




