দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মেয়েদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেল ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে হরমনপ্রীত কৌরের দলের সামনে এখন কঠিন সমীকরণ। রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচের নায়ক ছিলেন অলরাউন্ডার মারিজান কপ। তিনি বল হাতে ২/২৭ নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৮১ রান করে দলকে দুর্দান্ত জয় এনে দেন।
এই হারের পরও অবশ্য ভারত গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে সেমিফাইনালে উঠতে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে তাদের এবং একই সঙ্গে নেট রান রেটের লড়াইয়েও এগিয়ে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মধ্যে কোনও একটি দল যদি তাদের আসন্ন ম্যাচে হারে, তাহলে ভারতের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
অন্যদিকে ভারত যদি বাকি দুই ম্যাচের মধ্যে একটি হেরে যায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকেও অন্তত একটি ম্যাচ হারতে হবে এবং ভারতকে নেট রান রেটে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকতে হবে। তবে বাংলাদেশের বিরুদ্ধে হারলে ভারতের বিশ্বকাপ অভিযান সেই ম্যচেই শেষ হয়ে যাবে। আর যদি ভারত বাকি দুই ম্যাচই হেরে যায়, তাহলে সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে। সেক্ষেত্রে অন্য কোনও ফলাফলের ওপর নির্ভর না করেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে হরমনপ্রীতদের।
রবিবারের ম্যাচে ভারতের ফিল্ডিংও বড় প্রশ্নের মুখে পড়ে। মারিজান কপকে দু’বার জীবনদান দেওয়ার মাশুল গুনতে হয় ভারতকে। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি তাজমিন ব্রিটসের সঙ্গে ৯৭ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সুতরাং, ভারতের সেমিফাইনালের দরজা এখনও খোলা থাকলেও এখন আর সবকিছু তাদের নিজেদের হাতে নেই। বাকি ম্যাচে জয়ের পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে হরমনপ্রীত কৌরের দলকে।




