গত বছরে পহেলগামে জঙ্গি হামলার স্মৃতি এখনও তরতাজা। সেই নৃশংস ঘটনার পরে নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল। পাকিস্তানকে শাস্তি দিতে ভারত জলসম্পদ নিয়ন্ত্রণ করতে শুরু করে। এবার সেই জলসম্পদকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে উল্লেখ করে সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। ইসলামাবাদে চরম জলসঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে।
একটি পাকিস্তানি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা আসিফ বলেছেন, ‘জল আমাদের জাতীয় নিরাপত্তার অংশ। আমরা যখনই বুঝব যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তখনই আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব।’ তিনি জানিয়েছেন, জল ছাড়া পাকিস্তানের অস্তিস্ব বিপন্ন। দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলির জল আটকানোর জন্য ভারত যদি কোনও পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধে নামবে। যুদ্ধ ছাড়া পাকিস্তানের সামনে আর কোনও বিকল্প পথ খোলা থাকবে না।
পহেলগামের হামলার পরে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার কথা জানিয়েছিল ভারত। দেশের প্রয়োজনেই ভারত থেকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করা তিনটি নদীর জল সর্বাধিক ব্যবহারের কথা জানিয়েছিল ভারত। কিন্তু সেই চুক্তি না হওয়ায় বর্তমানে জলসঙ্কটের মধ্যে পাকিস্তান পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই ভারতকে যুদ্ধের ফাঁকা হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান।
উল্লেখ্য, ১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির ফলে ভারত থেকে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করা তিনটি নদীর জল পেয়েছিল পাকিস্তান।




