• facebook
  • twitter
  • youtube
Tuesday, 23 June, 2026

বাজেটে পাঁচ নতুন জেলার প্রস্তাব অর্থমন্ত্রীর

সরকারের দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত হবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন

Image: ANI

আজ পেশ হল বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ডিএ বৃদ্ধি, নতুন নিয়োগ বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাবও পেশ করা হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত হবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব অনুযায়ী, কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগকে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা তৈরির কথাও ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারও সুন্দরবন ও বসিরহাটকে পৃথক জেলা করার কথা জানিয়েছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এবার বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সেই প্রস্তাব নতুন করে সামনে এল।

জেলার পাশাপাশি নাগরিক পরিষেবা উন্নত করতে একাধিক নতুন পুরসভা গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর এবং টুঙ্গিদিঘিকে নতুন পুরসভা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্য, স্থানীয় স্তরে পরিষেবা পৌঁছে দিতে এবং প্রশাসনিক সুবিধা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে একটি নতুন মহকুমা গঠনের প্রস্তাবও বাজেটে রাখা হয়েছে। সরকারের আশা, এই সব প্রশাসনিক পুনর্গঠনের ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষের সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা আরও বৃদ্ধি পাবে।