বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার রাজ্য বাজেটে তিনি বড়সড় ঘোষণা করলেন। রাজ্য সরকারের এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। সেই শূন্যপদে ৩৩ শতাংশ মহিলাকে নিয়োগ করা হবে। অর্থাৎ, ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ ও ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীকে নিয়োগ করা হবে।
এর পাশাপাশি যেখানে প্রযোজ্য সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা পাঁচবছর ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পরবর্তী দু’বছরের জন্য বহাল থাকবে। অর্থমন্ত্রী এদিন বাজেট পেশের সময়ে জানিয়েছেন, রাজ্যে নতুন সিভিল সার্ভিস ইন্সটিটিউশন তারি করা হবে। নিউটাউনে সেটি তৈরি হবে।
সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ২০ দিনের কাজের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও রাজ্য রিজ়ার্ভ ফোর্সে দুটি মহিলা ব্যাটেলিয়ন তৈরির প্রস্তাব রাখা হয়েছে। রাজ্যে যাঁরা কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডাররা রয়েছেন, তাঁদের জন্য ১২৫ দিনের কাজের কথা বলা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাজ্যের নতুন সরকার প্রথম রাজ্য বাজেট পেশ করেছে। এদিন বিজেপি সরকার বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো দেন। তাঁর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট পেশের আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের হাতে পাট এবং মাদুরকাঠি দিয়ে বিশেষ ভাবে তৈরি একটি ফাইল দেখা যায়। এই ফাইলেই রাখা হয়েছিল বাজেটের নথি। সেখান থেকেই তিনি বাজেট বক্তৃতা পাঠ করেছেন।
চট ও মাদুরকাঠির নকশায় তৈরি ফাইলটি বাংলার ঐতিহ্য ও আত্মনির্ভরতার বার্তা তুলে ধরেছে বলে অনেকে মনে করছেন। চট দিয়ে তৈরি ফাইলটির উপরে মাদুরকাঠি দিয়ে নির্মিত অর্ধচন্দ্রাকৃতি নকশা রয়েছে। ফাইলের ডান পাশে রয়েছে অশোক স্তম্ভের প্রতীক। এদিন বাজেট পেশের আগে প্রথমে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠক শেষে বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।




