• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

নিট পরীক্ষায় পড়ুয়াদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী নিটে অংশ নিতে চলেছেন এবং তাঁদের নির্ভয়ে, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি

কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে নিট পরীক্ষা। আজ দুপুর ২টো থেকে শুরু হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা নিট। দেশের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে মোট ৫ হাজার ৪৪০টি পরীক্ষাকেন্দ্রে ইংরেজি-সহ ১৩ ভাষায় পরীক্ষা হবে।

পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৯৫ হাজারেরও বেশি পরী্কষাকক্ষে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ১ লক্ষ ৩৮ হাজারেরও বেশি ক্যামেরার মাধ্যমে জাতীয় ও রাজ্য স্তরে রিয়েল-টাইম নজরদারি চালানো হবে।

পরীক্ষার আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী নিটে অংশ নিতে চলেছেন এবং তাঁদের নির্ভয়ে, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভারতের পরীক্ষা ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের বিশ্বাস অটুট থাকবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক মাস নিট-সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন রাজ্যে আন্দোলন ও প্রতিবাদে সামিল হয়েছেন পরীক্ষার্থীরা। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী আবেদন জানিয়ে বলেন, দেশের নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে যেন কেউ রাজনীতি বা কৌতুক না করেন। এমন কোনও পদক্ষেপ করা উচিত নয়, যা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এবার পরীক্ষার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তির ব্যবহারে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। ৫১ হাজারের বেশি জ্যামার মোতায়েন করা হয়েছে, যাতে কোনও ধরনের ইলেকট্রনিক জালিয়াতি রোধ করা যায়। প্রতিটি পরীক্ষাকক্ষে দু’জন করে পরিদর্শক থাকবেন এবং প্রতিটি কেন্দ্রে তাঁদের সহায়তার জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রায় ৩৮ হাজার নিরাপত্তারক্ষী, ৪৮ হাজারেরও বেশি বায়োমেট্রিক কর্মী এবং ফেস অথেন্টিকেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রায় ৬ হাজার ৭০০ পর্যবেক্ষক গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবেন।