• facebook
  • twitter
  • youtube
Sunday, 21 June, 2026

‘বিকাশবাবুকে ডেকে আনুন’, যোগ দিবসে বাম আইনজীবীকে আহ্বান বিজেপি বিধায়কের

এই বাম নেতা মানুষের অসুবিধা হবে বলে আওয়াজ তুলেছিলেন। যদিও তাতে আদালত বিশেষ আমল দেয়নি

বিশ্ব যোগ দিবসে মেতে উঠেছে গোটা বিশ্ব। স্বযং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে যোগ-ব্যায়ামে অংশ নিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী-বিধায়ক থেকে সাধারণ মানুষ অংশ নিয়েছেন যোগ দিবসে। আর এই বিপুল সমাগমের মাঝেই সিপিএম নেতা তথা আইনজীবীকে ডেকে আনার আহ্বান করলেন বিজেপির বিধায়ক। এই ঘটনা সামনে আসতেই হাসির রোল উঠেছে বঙ্গে। এমনটাও যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। কিন্তু কেন এমন করলেন বিজেপি বিধায়ক? উঠছে প্রশ্ন।

এদিকে রবিবার আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় ঘটেছে মেগা ইভেন্ট। রেড রোড-সহ কলকাতা এবং জেলায় বিপুল আয়োজন করা হয়েছে। রেড রোডে ভোর থেকেই উপস্থিত দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল-সহ একাধিক নেতা-নেত্রী, বিশিষ্ট ব্যক্তি এবং বিশাল পরিমাণ সাধারণ মানুষ। এই মেগা ইভেন্টের মাঝেই বিজেপির বরাহনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সজল ঘোষ সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ডেকে আনার কথা বলেছেন। কারণ এই রেড রোড বন্ধ করে যোগ দিবস পালন করার জন্য কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন।

অন্যদিকে এই বাম নেতা মানুষের অসুবিধা হবে বলে আওয়াজ তুলেছিলেন। যদিও তাতে আদালত বিশেষ আমল দেয়নি। সেখানে বিপুল পরিমাণ মানুষের সমাগম ঘটেছে রেড রোডে। এই ছবি দেখাতেই এবং তাঁকে যোগ-ব্যায়াম করাতেই ডেকে আনার কথা বলেছেন বিজেপি বিধায়ক। রবিবাসরীয় সকালে বিশ্ব যোগ দিবসে এই নিয়ে উঠেছে হাসির রোল। বরাহনগরের বিধায়ক সজল ঘোষ বলেন, ‘বিকাশবাবুকে ডেকে আনুন। যখন সুযোগ পেয়েছেন কোর্টে চলে গিয়েছেন। ওঁকে নিয়ে এসে ভাল করে যোগা করা উচিত।’

এছাড়া রাজ্যে এখন পালাবদল হয়েছে। তারপর রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যোগ দিবস পালন প্রথম। সেখানে রেড রোডে যোগ দিবস পালন করা থেকে শুরু করে সাতদিন রাস্তা বন্ধ রাখা নিয়ে আদালতের দুয়ারে পৌঁছে গিয়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাতে লাভের লাভ তেমন হয়নি। এই গোটা বিষয়টি নিযে কটাক্ষ করে বিজেপি বিধায়ক সজল ঘোষের খোঁচা, ‘আসলে ঘোলা জলে মাছ ধরতে চাওয়া। প্রথমে বলা হল নামাজ হতে দেয়নি। যাঁদের নামাজ, তাঁদের আওয়াজ ছিল না, বিকাশবাবুদের আওয়াজ ছিল স্পষ্ট। শেষে আদালতে গেলেন, সেখানেও যে ফলাফল পাওয়ার পেয়েছেন। যোগ আধ্যাত্মিক, শারীরিক। যোগ আমার, আমাদের, ভারতের। যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। আবার আমার করে দিয়েছেন যিনি, তাঁর নাম নরেন্দ্র মোদী।’