• facebook
  • twitter
  • youtube
Friday, 19 June, 2026

হাইতির বিরুদ্ধে দলে পরিবর্তনের ইঙ্গিত আনসেলোত্তির, এন্ড্রিককে নিয়ে তাড়াহুড়ো করবেন না ব্রাজিল কোচ

হাইতির বিরুদ্ধে জয় পেলে নকআউট পর্বের দিকে অনেকটাই এগিয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক ১-১ ড্রয়ের পর হাইতির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই ব্রাজিলের। ভারতীয় সময়ে শনিবার ভোর ছটায় এই লড়াইয়ে নামছে তারা। তবে দল নিয়ে কোনো বাড়তি উদ্বেগ নেই কোচ কার্লো আনসেলোত্তির। বরং তাঁর বিশ্বাস, ব্রাজিলের হাতে যথেষ্ট ভাল ভাল ফুটবলার রয়েছেন এবং ঠিক সময় মতো তরুণ প্রতিভা এন্ড্রিক-কেও কাজে লাগানো হবে।

ফিলাডেলফিয়ায় হাইতির বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আনসেলোত্তি বলেন, “আমাদের আরও উন্নতি করতে হবে, এটা আমরা জানি। প্রথম ম্যাচে কিছুটা স্নায়ুচাপ এবং চাপের প্রভাব ছিল। কিন্তু আমি শান্ত আছি, কারণ এই দলের ক্ষমতা সম্পর্কে আমি নিশ্চিত।”
মরক্কোর বিরুদ্ধে ড্রয়ের পর ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। তবে ইতালীয় কোচের মতে, বিশ্বকাপে একটা ম্যাচের ফল দেখেই সব কিছু বিচার করা ঠিক নয়।

আনসেলোত্তি বলেন, “প্রথম ম্যাচ কখনও টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে না। দলের ছেলেরাও নিজেদের ভুল সম্পর্কে সচেতন। আমরা দলের মধ্যে ভারসাম্য খুঁজছি এবং আরও ভালো খেলতে চাই।”
দল নির্বাচনে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে না দিলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, সম্পূর্ণ রদবদলের পথে হাঁটবেন না। অনুশীলনে তিনি প্রথম একাদশ ও রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের মিশিয়ে বিভিন্ন কৌশল নিয়ে কাজ করেন।
বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম আলোচিত নাম এন্ড্রিক। এই তরুণ ফরোয়ার্ডকে নিয়ে আনসেলোত্তির অবস্থান স্পষ্ট—তাঁকে তাড়াহুড়ো করে ব্যবহার করা হবে না।

ব্রাজিল কোচের বক্তব্য, “এন্ড্রিক অসাধারণ প্রতিভাবান একজন ফুটবলার। কিন্তু আমাদের তাকে সঠিক সময়ে এবং সঠিক পরিস্থিতিতে ব্যবহার করতে হবে। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।”
হাইতিকে হালকাভাবে নিচ্ছেন না আনসেলোত্তি। স্কটল্যান্ডের বিরুদ্ধে তাদের লড়াকু পারফরম্যান্স ব্রাজিল শিবিরের নজর এড়ায়নি। হাইতি প্রথম ম্যাচে ০-১-এ হারলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষকে চাপে রেখেছিল।

আনসেলোত্তি বলেন, “আজকের ফুটবলে সহজ প্রতিপক্ষ বলে কিছু হয় না। হাইতি শক্তিশালী ও সংগঠিত দল এবং তাদের মান ভাল। ওদের হারাতে গেলে আমাদের সেরাটাই দিতে হবে।”
তবে আত্মবিশ্বাসও হারাচ্ছেন না ব্রাজিল কোচ। বিশ্বকাপ শুরুর আগেই তিনি বলেছিলেন, “আমরা এমন একটি দল, যারা বিশ্বের যে কোনো দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা বিশ্বাস করি, সবার সঙ্গেই সমানে লড়াই করার ক্ষমতা আমাদের আছে।” যদিও প্রথম ম্যাচে তাঁর এই কথার সঙ্গে দলের অবস্থার কোনো মিল পাওয়া যায়নি।

হাইতির বিরুদ্ধে জয় পেলে নকআউট পর্বের দিকে অনেকটাই এগিয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সেই ম্যাচে নজর থাকবে আনসেলোত্তির কৌশল, সম্ভাব্য পরিবর্তন এবং এন্ড্রিককে ঘিরে তাঁর পরিকল্পনার ওপর।