মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রায় অর্ধশতাব্দী ধরে কাজ করে চলেছে উত্তর কলকাতার সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘প্যাস্কো’। পেশায় চিত্রশিল্পী দেবাশিষ রায়ের উদ্যোগে ছাত্রজীবনেই শুরু হয়েছিল এই পথচলা। মাত্র ১৭ বছর বয়সে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে এলাকার প্রান্তিক পরিবারের শিশুদের শিক্ষার আলোয় আনা, তাদের সমাজে প্রতিষ্ঠিত করা এবং বিপথগামিতা থেকে দূরে রাখার লক্ষ্য নিয়েই গড়ে উঠেছিল এই সংগঠন।

প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪৭ বছর ধরে নিরলসভাবে সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে ‘প্যাস্কো’। শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানবিক সহায়তা এবং রক্তদান আন্দোলনের মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের আস্থা অর্জন করেছে।

গত রবিবার সংগঠনের ৪১তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয় টালা পার্ক সংলগ্ন এলাকায়। রক্তদান শিবিরে বিপুল সংখ্যক যুবক-যুবতি স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, নিয়মিত রক্তের ঘাটতি মেটাতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের জন্য তাঁকে সংবর্ধনা জানানো হয়। সেই উপলক্ষে ‘প্যাস্কো’র পক্ষ থেকে স্নেহাশিস রায় নিজের হাতে আঁকা একটি বিশেষ চিত্র বিমান বসুর হাতে তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং রক্তদানের মতো মানবিক কর্মসূচিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে ‘প্যাস্কো’র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ আরও বৃহত্তর পরিসরে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।




