সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলে ভেঙে পড়ল রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান টিইউ-২২৩। রুশ প্রতিরক্ষ দপ্তরের একটি সূত্র এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সোমবার এই দুর্ঘটনা ঘটে। ইউক্রেনের বিরুদ্ধে চলা সামরিক অভিযানে ব্যবহৃত এই বোমারু বিমান অতীতে সিরিয়াতে রাশিয়ার সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে দুর্ঘটনার সময় বিমানটি কোনও অভিযানে ছিল, নাকি নিয়মিত প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়।
রুশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি সাইবেরিয়ার একটি বনাঞ্চলে ভেঙে পড়ে। ঘটনার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছে। এটি কি প্রযুক্তিগত ত্রুটির ফল, না কি অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটেছে? তবে রুশ প্রতিরক্ষা দপ্তরের সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, বিমানে থাকা চারজন সেনা সদস্য-সহ পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। দুর্ঘটনার ঠিক আগে তাঁরা ‘ইজেক্ট’ করে বিমান থেকে বেরিয়ে যান।
ইরকুটস্ক অঞ্চলের গর্ভনর ইগর কোবজেভ জানান, কামেনকা গ্রামের কাছাকাছি একটি জঙ্গলে বিমানটি ভেঙে পড়ে এবং পরে তাতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজন সেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, টিইউ-২২এম৩ রাশিয়ার অন্যতম আধুনিক দূরপাল্লার বোমারু বিমান, যা একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করতে পারে।




