• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

আকাশে দেখা নেই মেঘের, বাড়ছে উদ্বেগ, দেশে বৃষ্টির ঘাটতি ৬৪ শতাংশ

দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটবে।

দেশের বিস্তীর্ণ অংশে বর্ষা ঢুকে পড়েছে। মৌসুম ভবনের রিপোর্ট অন্তত এমনটাই বলছে। কিন্তু এদিকে বৃষ্টির দেখা নেই। আকাশে সেভাবে মেঘেরও দেখা মিলছে না। দেশের বিস্তীর্ণ অংশে মেঘের উপস্থিতির যে ঘাটতি হচ্ছে, সম্প্রতি সেটাই উপগ্রহচিত্রে ধরা পড়েছে। যা নিয়ে আবহবিদরা বেশ উদ্বেগ প্রকাশ করেছে। আবাহবিদরা জানিয়েছেন, আকাশে একেবারেই মেঘ তৈরি হচ্ছে না।

আরব সাগর ও বঙ্গোপসাগরের উপরে জলীয় বাস্প থাকায় আকাশে মেঘের দেখা নেই বলে আবহবিদরা জানিয়েছেন। মৌসম ভবন সূত্রের খবর, গত ৪ থেকে ১৫ জুন পর্যন্ত দেশে ১৯.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে এই সময়ের মধ্যে দেশে ৫৩.৭ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। সেক্ষেত্রে প্রায় ৬৪ শতাংশ বৃষ্টির ঘাটতি হয়েছে।

১৫ জুন কৃত্রিম উপগ্রহে যে ছবি ধরা পড়েছে, তা দেখে আবহবিদরা বেশ চিন্তিত। মূলত হিমালয়ের উপর উত্তর-পূর্ব ভারতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে মেঘ জমতে দেখা গিয়েছে। আরব সাগরের কাছে বর্ষা উপস্থিতি বেশ দুর্বল। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণে বর্ষা প্রবেশ করেছে। এদিকে দেশের মধ্য, দক্ষিণ ও পূর্ব ভাগের বিস্তীর্ণ অংশে বর্ষা নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। তবে উত্তর-পূর্বে বৃষ্টি হচ্ছে।

আকাশে মেঘ তৈরি না হওয়ার পিছনে আবহবিদরা পশ্চিমা বায়ুকেই দোষ দিচ্ছেন। পশ্চিমা বায়ু স্বাভাবিক অবস্থানের চেয়ে অনেকটাই দক্ষিণে সরে গিয়েছে। এর ফলে পূর্বমুখী বায়ু স্রোতে বাধা পাচ্ছে। পূর্বমুখী বায়ুর প্রভাবে বর্ষায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়। কিন্তু পশ্চিমা বায়ু এবার তাতে বাধা দিচ্ছে। তাই আকাশে মেঘও তৈরি হতে পারছে না। আর তাই সেভাবে বৃষ্টির দেখা মিলছে না।

তবে আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, পরিস্থিতি যে এরকমই থাকবে এমনটা নয়। দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটবে। চলতি সপ্তাহের শেষের দিকে পশ্চিমা বায়ু দুর্বল হবে। আর তারপরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কবে বর্ষা প্রবেশ করবে আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে বঙ্গবাসী।