• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

স্লোভাকিয়ায় রুটি ও নুন দিয়ে স্বাগত, ঐতিহাসিক সফরে মোদী

স্লোভাকিয়া সফর শেষ করে ফ্রান্সে যাবেন নরেন্দ্র মোদী।

স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছানোর পরেই ভারতের প্রধানমন্ত্রীকে রুটি এবং নুন দিয়ে অভ্যর্থনা জানানো হয়। হোটেলে পৌঁছনোর পরেই স্থানীয়রা উৎসাহের সঙ্গে মোদীকে স্বাগত জানান। ১৯৯৩ সালে স্লোভাকিয়া স্বাধীনতা লাভের পরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে গেলেন।

রবিবার মাঝরাতে ব্রাতিস্লাভা বিমানবন্দরে স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার মোদীকে স্বাগত জানান। এরপরে হোটেলে মোদীকে রুটি ও নুন দিয়ে স্বাগত জানানো হয়। স্লোভাক সংস্কৃতিতে অতিথিকে এভাবে স্বাগত জানানো সম্মান ও আন্তরিকতার প্রতীক হিসেবে মানা হয়। সেখানে পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন।

সেই পোস্টে মোদী জানান, তাঁর এই সফর ভারত-স্লোভাকিয়ার মধ্যে সম্পর্ক আরও মজবুত করবে। সেই সঙ্গে সহযোগীতার নতুন ক্ষেত্রও তৈরি করবে। দু’দিনের সফরে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, বিনিয়োগ, বাণিজ্য, অটোমোবাইল শিল্প, রেল প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে দুই দেশ সহযোগিতার হাত বাড়াবে। সেই নিয়ে ওই বৈঠকে দুই দেশের মধ্যে আলোচনা হবে।

ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনার জন্য বিমানবন্দরে বন্দে মাতরম গান বেজে ওঠে। স্লোভাক গায়ক-গায়িকারা বৈদিক মন্ত্রও পাঠ করেন। ব্রাতিস্লাভাতে হোটেলে পৌঁছনোর পরে স্লোভাকিয়ার মিউজিক্যাল গ্রুপ মহাদেব কীর্তন প্রজেক্টর স্পিরিচুয়াল পারফরম্যান্স করে। সেটা দেখে মোদী মুগ্ধ হন।

স্লোভাকিয়া সফর শেষ করে ফ্রান্সে যাবেন নরেন্দ্র মোদী। ১৬ ও ১৭ জুন জি-৭ শীর্ষ সন্মেলনে মোদী অংশ নেবেন। বিশ্ব অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, আন্তর্জাতিক সহযোগিতা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে।